কাশ্মীরে বিজেপি নেতা ওয়াসিম ও তাঁর বাবা-ভাই নিহত: রাজনীতিকদের প্রতিক্রিয়া
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি, তাঁর বাবা শেখ বশির আহমদ ও ভাই ওমর সুলতানকে মাথায় গুলি করে হত্যা করেছে অজ্ঞাত গেরিলারা। গতকাল (বুধবার) দিবাগত রাত ৯ টা নাগাদ বান্দিপোরায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত ওয়াসিম বারি বান্দিপোরা জেলার বিজেপি সভাপতি ছিলেন।
ওই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ (জে পি) নাড্ডা বলেছেন, ‘আমরা ওয়াসিম বারি, তাঁর বাবা ও ভাইকে জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় এক কাপুরুষোচিত হামলায় হারিয়েছি। এটা দলের জন্য বড় ক্ষতি। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা। গোটা দল এই দুঃখের সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে। আমি আশ্বাস দিতে চাই যে, তাঁর আত্মত্যাগ বৃথা যাবে না।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপি’র কেন্দ্রীয় নেতা জিতেন্দ্র সিং জানিয়েছেন, ওয়াসিম বারির হত্যার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খবর নিয়েছেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনাও ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সন্ত্রাসীরা বিজেপি নেতা ওয়াসিম বারি, তাঁর বাবা বশির আহমেদ ও ভাই ওমর বশিরের ওপরে হামলা চালিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।’ জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স ও পিডিপি দলের পক্ষ থেকে ওই হত্যাকাণ্ডের নিন্দা করা হয়েছে।
রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ বলেছেন, ‘সন্ত্রাসীদের হামলায় বিজেপি নেতা হত্যার খবর শুনে দুঃখিত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। মূলধারার রৈজনৈতিক নেতাদের ওপরে সন্ত্রাসীদের আক্রমণ এতটুকু কমেনি।’
আজ (বৃহস্পতিবার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, জম্মু-কাশ্মীর পুলিশের মহানির্দেশক দিলবাগ সিং বলেছেন, বুধবার রাতে সন্ত্রাসীরা এক বিজেপি নেতা, তাঁর বাবা ও ভাইকে গুলি চালিয়ে হত্যা করেছে। সন্ত্রাসীরা বিজেপি’র জেলা সভাপতিকে একটি দোকানের বাইরে রাত ৯ টা নাগাদ গুলি চালিয়ে হত্যা করেছে। তাঁর ভাই ওমর ও বাবা বশির গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাঁদেরকে বান্দিপোরা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁরা মারা যান। ওই ঘটনায় কর্তব্যে গাফিলতির জন্য ৭ পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।