পরিকল্পনাহীন লকডাউন করে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন মোদি: রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i82937-পরিকল্পনাহীন_লকডাউন_করে_অর্থনীতির_মেরুদণ্ড_ভেঙে_দিয়েছেন_মোদি_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, পরিকল্পনাহীন লকডাউন করে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২০ ১৯:০২ Asia/Dhaka
  • পরিকল্পনাহীন লকডাউন করে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন মোদি:  রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, পরিকল্পনাহীন লকডাউন করে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে রাহুল গান্ধী বলেন, ‘করোনার নামে যা করেছেন, তা অসংগঠিত ক্ষেত্রের উপরে তৃতীয় আক্রমণ। আমাদের এটা বুঝতে হবে। এবং এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। গরীব,  ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদিন রোজগার করেন,  প্রতিদিন খরচ করেন। আপনি যখন বিনা নোটিসে লকডাউন করলেন, তখন এঁদের উপরে আক্রমণ করলেন।’

তিনি বলেন, ‘লকডাউন করোনা নয়, বরং ভারতের দরিদ্র, যুবক, শ্রমিক, কৃষক এবং ছোট ব্যবসায়ীদের ভবিষ্যতের উপর আক্রমণ ছিল। প্রথমত, ২১ দিনের সময় চেয়ে দেশবাসীকে বিভ্রান্ত করেছেন নরেন্দ্র মোদি। দ্বিতীয়ত, পরিকল্পনাহীন লকডাউন করে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন।’

রাহুল গান্ধী করোনাভাইরাস থেকে মুক্তি প্রসঙ্গে বলেন, ‘প্রধানমন্ত্রী বলছিলেন, এটা নাকি ২১ দিনের লড়াই। কিন্তু ওই ২১ দিনেই অসংগঠিত ক্ষেত্রের মেরুদন্ড ভেঙে গেছে। রাহুল গান্ধী বলেন,  কংগ্রেস বার বার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছে, যাতে সরাসরি অর্থ দিয়ে সাধারণ মানুষ,  ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সাহায্য করা হয়। কিন্তু সরকার সেকথা শোনেনি।’

তিনি বলেন, ‘আমরা বলেছিলাম ছোট ও মাঝারি শিল্পের জন্য প্যাকেজ ঘোষণা করুন। ওদের বাঁচানো দরকার। নইলে ওরা বাঁচবে না। কিন্তু সরকার কিছুই করেনি। সরকার ১৫/২০ জন বড় শিল্পপতির লাখ লাখ কোটি টাকা ট্যাক্স মকুব করেছে।’ লকডাউন আসলে করোনার উপরে আক্রমণ নয়, আক্রমণ গরীবদের উপরে’ বলেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি মন্তব্য করেন।# 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।