কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে ২৫ সেপ্টেম্বর ভারত বনধের ডাক
https://parstoday.ir/bn/news/india-i83281-কেন্দ্রীয়_সরকারের_কৃষি_বিলের_প্রতিবাদে_২৫_সেপ্টেম্বর_ভারত_বনধের_ডাক
ভারতের কেন্দ্রীয় সরকারের আনা কৃষি সংক্রান্ত বিলের প্রতিবাদে অখিল ভারতীয় কিষাণ ইউনিয়ন ও অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি আগামী ২৫ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছে। একদিকে, বিরোধীদলীয় নেতারা ওই ইস্যুতে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। অন্যদিকে, এবার কৃষক সংগঠনের নেতারাও মাঠে নেমে প্রতিবাদ জানানোর ঘোষণা করেছেন। এরইমধ্যে গত কিছুদিন ধরে কৃষকরা বিভিন্ন রাজ্যে প্রতিবাদ-আন্দোলন করছেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২০ ১৭:৩৯ Asia/Dhaka
  • কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে ২৫ সেপ্টেম্বর ভারত বনধের ডাক

ভারতের কেন্দ্রীয় সরকারের আনা কৃষি সংক্রান্ত বিলের প্রতিবাদে অখিল ভারতীয় কিষাণ ইউনিয়ন ও অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি আগামী ২৫ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছে। একদিকে, বিরোধীদলীয় নেতারা ওই ইস্যুতে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। অন্যদিকে, এবার কৃষক সংগঠনের নেতারাও মাঠে নেমে প্রতিবাদ জানানোর ঘোষণা করেছেন। এরইমধ্যে গত কিছুদিন ধরে কৃষকরা বিভিন্ন রাজ্যে প্রতিবাদ-আন্দোলন করছেন।

অখিল ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত বলেন, দেশজুড়ে ২৫ সেপ্টেম্বর কৃষকরা কৃষি সংস্কার বিল ২০২০-এর প্রতিবাদে ধর্না-প্রদর্শন ও চাকা জ্যাম করা হবে।

কৃষক ইউনিয়নের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র মালিক বলেন, ‘ভারতীয় কৃষক ইউনিয়ন এই হকের লড়াইটি কঠোরভাবে লড়বে। সরকার যদি তাঁদের সিদ্ধান্তে অনড় থাকে, আমরা কৃষকরা পিছিয়ে যাব না। সরকার কৃষকের পেটে আক্রমণ করেছে, যা আমরা কখনই সহ্য করব না। এই আইন দিয়ে সরকার কৃষি ক্ষেত্রে কোম্পানি রাজের সরকার প্রতিষ্ঠা করছে। কৃষক ইউনিয়ন এটিকে কখনই বরদাস্ত করবে না। সে কারণেই কৃষক ইউনিয়ন আগামী ২৫ সেপ্টেম্বর সড়কে নেমে সংগ্রামের পথ অবলম্বন করবে।’

কিষাণ মজদুর সংগঠনের নেতা আদিত্য চৌধুরী বলেন, ‘করোনার আড়ালে কৃষকদের পিঠে ছুরিকাঘাতের কাজ করেছে সরকার।  করোনার সময়ে যে অন্নদাতারা দেশের সাথে দাঁড়িয়ে ছিলেন, আজ সরকার সেই কৃষকের গুলামে পরিণত করতে চলেছে। এজন্য ২৫ সেপ্টেম্বর, ভারত বনধের পাশাপাশি জনগণ রাস্তায় নেমে আসবে এবং সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে। সরকারের দ্বারা ন্যূনতম সহায়ক মূল্য ‘এমএসপি’র ললিপপ দেখানো হচ্ছে। ২৫ সেপ্টেম্বর সরকার কৃষকদের শক্তি উপলব্ধি করতে পারবে।’

পশ্চিমবঙ্গে ওই ইস্যুতে আগামী ২৫ সেপ্টেম্বর জাতীয় ও রাজ্য সড়কে চার ঘণ্টা করে অবরোধের ডাক দেওয়া হয়েছে। কিষাণ সংগ্রাম সমন্বয় কমিটির রাজ্য শাখার আহ্বায়ক এবং সিপিএমের কৃষক সভার নেতা অমল হালদার বলেন, ২৫ তারিখ বিক্ষোভের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ওইদিন গ্রামীণ জেলাগুলোতে শহর ও বাজার এলাকায় প্রতিবাদ বা বিক্ষোভ-সভাহবে। এর পাশাপাশি কৃষক সংগঠনের কর্মী-সমর্থকেরা জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ করবেন।

ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য নয়া কৃষি বিলের সুফলের কথা জানিয়েছে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন দফতরের প্রতিমন্ত্রী দানভে রাওসাহেব দাদারাও বলেন, ‘আইন সংশোধনী কার্যকর হলে চাষিরা ফসল উৎপাদন, মজুদ, পরিবহণ, বণ্টন ও বিক্রির স্বাধীনতা পাবেন। পাশাপাশি কৃষিক্ষেত্রে বিপুল বিনিয়োগের সম্ভাবনার দরজা খুলে যাবে।’ সংশোধনীতে মজুদের ঊর্ধ্বসীমা তুলে  নেওয়া হয়েছে। মন্ত্রীর দাবি, এরফলে ফসল উৎপাদনের পরে যত সম্ভব মজুড করা যাবে। চাষিদের ফসল নষ্ট বা কম দামে বিক্রির সম্ভাবনা কমবে। এই সংশোধনীতে কৃষক ও উপভোক্তা, দু’পক্ষেরই সুবিধা হবে বলেও কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন দফতরের প্রতিমন্ত্রী দানভে রাওসাহেব দাদারাও মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।