কৃষি বিলের বিরোধিতায় ভারত বনধে বিভিন্ন রাজ্যে সড়ক ও রেল অবরোধ
ভারতে কৃষি সংক্রান্ত বিলের বিরোধিতায় ভারত বনধকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে সড়ক ও রেল অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন কৃষক সংগঠন যৌথভাবে ভারত বনধের ডাক দিয়েছিল। আজ (শুক্রবার) বনধকে কেন্দ্র করে পঞ্জাব, হরিয়ানা, কর্নাটক, মহারাষ্ট্র, বিহার প্রভৃতি রাজ্যে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে।
আজকের বনধকে সমর্থন করে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘ক্রুটিপূর্ণ জিএসটি (পণ্য ও পরিসেবা কর) ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ধ্বংস করেছে। নয়া কৃষি আইন আমাদের কৃষকদের ক্রীতদাস বানাবে।’
কংগ্রেসের মহাসচিব প্রিয়ঙ্কা গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্য কেড়ে নেওয়া হবে। কোটি কোটি কৃষকদের ক্রীতদাসে পরিণত হতে বাধ্য করা হবে। না পাবে দাম, না পাবে সন্মান। নিজের জমিতেই শ্রমিকে পরিণত হবে কৃষকরা। বিজেপির আনা কৃষি বিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের কথাও মনে করিয়ে দেয়। আমরা এই অন্যায় সহ্য করবো না।’
আজ বনধের প্রভাব সবথেকে বেশি পড়েছে পঞ্জাব ও হরিয়ানাতে। অমৃতসর, জালন্ধর, লুধিয়ানা, অম্বালা, চণ্ডীগড়সহ সেখানকার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন বিভিন্ন কৃষক সংগঠনের সদস্য-সমর্থক। ভারতীয় কিষান ইউনিয়ন ও রেভোলিউশনারি মার্ক্সিস্ট পার্টি অফ ইন্ডিয়া জালন্ধরের কাছে আজ সকাল থেকেই অমৃতসর-দিল্লি জাতীয় সডক অবরোধ করে। অম্বালাতে বিক্ষোভের জেরে দিল্লি-চণ্ডীগড় বাস পরিসেবা বন্ধ রয়েছে। ‘কিষান মজদুর সংঘর্ষ কমিটি’ গতকাল (বৃহস্পতিবার) থেকে পঞ্জাব জুড়েই ‘রেল রোকো’ কর্মসূচি চালাচ্ছে। আজও তা অব্যাহত রয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে ফিরোজপুর ডিভিশনে ১৩টি ট্রেন বাতিল করা হয়েছে।পাঞ্জাবের অমৃতসরে আজ নারীরাও প্রতিবাদ আন্দোলনে শামিল হন।
উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় কৃষকরা সড়কে নেমে কৃষি বিলের প্রতিবাদ জানিয়েছেন। পরিস্থিতি মোকাবিলা করতে দিল্লি- উত্তরপ্রদেশ সীমান্তের চিল্লাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বারাবাঁকিতে অযোধ্যা-লক্ষনৌ জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা।
রাজধানী দিল্লির উপকণ্ঠে নয়ডাতেও আজ কৃষকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। ‘ভারতীয় কিষান ইউনিয়ন’-এর সদস্য-সমর্থকরা সড়ক অবরোধ করে কৃষি বিলের প্রতিবাদ জানান।আজ বোম্মানহালিতে কর্নাটক-তামিলনাড়ু জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন কৃষকরা।
বাম সমর্থিত অল ইন্ডিয়া কিষান সভা মহারাষ্ট্রে বিক্ষোভ প্রদর্শন করেছে। রাজ্যের প্রায় ২১টি জেলায় কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানান কিষান সভার ৩০ হাজারেরও বেশি সদস্য।
বিহার বিধানসভার বিরোধী দলনেতা ও আরজেডি নেতা তেজস্বী যাদব ট্রাক্টর চালিয়ে প্রতিবাদ বিক্ষোভে শামিল হন। তার দাদা তেজপ্রতাপ যাদবও এতে অংশগ্রহণ করেন। এসময় কয়েক হাজার দলীয় সমর্থক ওই বিক্ষোভে শামিল হন। বিতর্কিত ওই বিলকে কৃষক বিরোধী বলে অভিহিত করে তেজস্বী যাদব বলেন, ‘সরকার আমাদের ‘অন্নদাতাদের’ পুতুল বানানোর চেষ্টা করছে। সরকার ২০২২ সালের মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ করার কথা বলেছিল। কিন্তু এই বিল তাঁদের আরও গরিব করবে।’
বিহারের পাটনায় বিজেপি ও জেএপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখানে বিজেপি দফতরের বাইরে জেএপি সমর্থকরা কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ করাকে কেন্দ্র করে উভয়দলের সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর অবশ্য বলেছেন, ‘এই বিলে কৃষকদের ক্ষতি হবে, এমন কোনও বিষয় নেই। ছোট কৃষকদের লাভের কথা ভেবেই বিল আনা হয়েছে।’
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।