ভারতে কৃষি বিলে সই রাষ্ট্রপতির, কৃষক ও বিরোধীদলের বিক্ষোভ চলছেই
ভারতে বহুলালোচিত কৃষি সংক্রান্ত বিলে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগেই এ সংক্রান্ত তিনটি বিল সংসদে পাশ হয়েছিল। গতকাল (রোববার) রাতে রাষ্ট্রপতি ওই তিন বিলে সই করায় তা আইনে পরিণত হয়েছে।
দেশজুড়ে কৃষক বিক্ষোভ ও বিরোধীদলীয় বিক্ষোভের মধ্যেও রাষ্ট্রপতি কৃষি সংক্রান্ত বিলে সই দেওয়ায় অনেকেই হতাশ হয়েছেন।
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘কৃষি আইন আমাদের কৃষকদের জন্য মৃত্যুদণ্ড। সংসদে ও বাইরে তাদের কণ্ঠস্বর পিষ্ট হয়েছে। এটি ভারতে গণতন্ত্র মারা যাওয়ার প্রমাণ।’
এদিকে, আজও রাজধানী দিল্লিসহ গুজরাট, ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যে কৃষি আইনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, আজ সকাল সাড়ে ৭টা নাগাদ ইন্ডিয়া গেটের সামনে ১৫/২০ জন কৃষকের একটি দল জড়ো হয়ে একটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই তাঁরা ঘটনাস্থল ছেড়ে যান। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের চিহ্নিত করার কাজ চলছে। পরে পুলিশ ও দমকল বাহিনী পৌঁছে আগুন নিভিয়ে সরিয়ে নেয় ট্রাক্টরটি।
যুব কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ভগত সিংয়ের জন্মবার্ষিকীতে, আজ পাঞ্জাব যুব কংগ্রেস বোবা-কালা সরকারকে জাগিয়ে তুলতে ইন্ডিয়া গেটে কৃষকদের সাথে বিক্ষোভ প্রদর্শন করেছে এবং ট্রাক্টরে আগুন ধরিয়েছে।
রাজধানী দিল্লির পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে কৃষকদের প্রতিবাদ-আন্দোলন চলছে। পঞ্জাবে অমৃতসর-দিল্লি রেললাইনের উপরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। ‘কিসান মজদুর সংঘর্ষ কমিটি’র পক্ষ থেকে ওই কর্মসূচি চলছে। এদিকে, রাষ্ট্রপতি তিনটি কৃষি বিলে সই করার পরে কৃষিপ্রধান রাজ্য পঞ্জাবে কৃষকদের আন্দোলন আরও জোরালো হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।