নীতিশ কুমার মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত, বিহার সামলাতে পারবেন না: তেজস্বী যাদব
https://parstoday.ir/bn/news/india-i84049-নীতিশ_কুমার_মানসিক_ও_শারীরিকভাবে_ক্লান্ত_বিহার_সামলাতে_পারবেন_না_তেজস্বী_যাদব
ভারতের বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমারকে কটাক্ষ করে বলেছেন, ‘নীতিশ কুমারজি মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত, উনি বিহার সামলাতে পারবেন না। ১৫ বছর শাসন ক্ষমতায় থাকার পরে, উনি জিজ্ঞেস করছেন চাকরি দেওয়ার অর্থ কোথা থেকে আসবে?’ বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (বুধবার) তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
অক্টোবর ২১, ২০২০ ১৬:১৭ Asia/Dhaka
  • ভারতের বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব
    ভারতের বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব

ভারতের বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান নীতিশ কুমারকে কটাক্ষ করে বলেছেন, ‘নীতিশ কুমারজি মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত, উনি বিহার সামলাতে পারবেন না। ১৫ বছর শাসন ক্ষমতায় থাকার পরে, উনি জিজ্ঞেস করছেন চাকরি দেওয়ার অর্থ কোথা থেকে আসবে?’ বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (বুধবার) তিনি ওই মন্তব্য করেন।

আরজেডি নেতা তেজস্বী যাদব সম্প্রতি বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রথম সইয়ে ১০ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এর পাল্টা জবাবে জেডিইউ নেতা নীতিশ কুমার বলেন, এজন্য এত অর্থ কোথা থেকে আসবে? এরপরেই আজ আরজেডি নেতা তেজস্বী যাদবের ওই মন্তব্য প্রকাশ্যে এল।

তেজস্বী যাদব আজ (বুধবার) বিহারের সাসারামে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে বলেন, ‘নীতিশজি ১৫ বছর প্রতারণা করেছেন। যিনি ১৫ বছরেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি, কারখানা গড়েননি, দরিদ্রতা দূর করেননি তিনি আগামী ৫ বছরেও কিছু করতে পারবেন না। আপনারা একথা বুঝুন। নীতিশ কুমারজি ক্লান্ত হয়ে পড়েছেন। উনি বিহার সামলাতে পারবেন না।’

তিনি বলেন, ‘নীতীশজি তাঁর একটি কৃতিত্বের বিষয়ে আমার সাথে প্রকাশ্যে বিতর্কে আসুন। গণতন্ত্রের জননী বিহার থেকে মুখ্যমন্ত্রী পদে বিতর্কের ঐতিহ্য শুরু হওয়া উচিত। জনগণ বিতর্ক শুনে এমন একজন মুখ্যমন্ত্রী নির্বাচন করবে যিনি শক্তিশালী, যৌক্তিক চিন্তাভাবনা সম্পন্ন, নয়া নীতি  এবং নয়া দিকনির্দেশনার সঙ্গে এক নয়া বিহার তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ।’

তেজস্বী যাদব আজ জনগণের উদ্দেশ্যে কৃষি ঋণ মওকুফ, নিয়োজিত  শিক্ষকদের সম কাজে সমান বেতন প্রদান, আশা কর্মী, বিকাশ মিত্রদের স্থায়ী করার কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। নীতিশ কুমারের আমলে সরকারি কর্মীদের ৫০ বছর বয়সে অবসর নেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হবে, বিদ্যুতের বর্তমান বিল অর্ধেক করা হবে বলেও ঘোষণা করেছেন। 

বিহারে আগামী ২৮ অক্টোবর, ৩ নভেম্বর এবং ৭ নভেম্বর মোট তিন দফায় নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ১০ নভেম্বর। # 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।