নীতীশ কুমার এবং বিজেপি সরকার বিহারকে কূপের মধ্যে ঠেলে দিয়েছে: কংগ্রেস
-
কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস বলেছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং বিজেপি সরকার বিহারকে কূপের মধ্যে ঠেলে দিয়েছে। কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা আজ (বৃহস্পতিবার) ওই মন্তব্য করেন। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে জেডিইউ প্রধান নীতিশ কুমার ও কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে তিনি ওই মন্তব্য করেন। বিহারে জেডিউ-বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে।
বিজেপি’র পক্ষ থেকে আজ নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বিহারের লোকেদের অন্যান্য বিষয়ের পাশাপাশি বিনামূল্যে করোনা ভ্যাকসিন সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।
ওই ইস্যুতে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা বলেন, ‘করোনার মহামারী কৌতুক করার বিষয় নয়। নীতীশ বাবু (মুখ্যমন্ত্রী ও জেডিইউ প্রধান) এবং সুশীল মোদী (উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা) এতটাই নির্লজ্জ যে, করোনা পরিস্থিতিতে যখন বিভিন্ন রাজ্য থেকে লোকেরা বিচলিত হয়ে বিহারে ফিরে আসছিলেন, এই লোকেরা বলেছিলেন যে বিহারীদের বিহারে প্রবেশ করতে দেবে না। কেন্দ্রের মন্ত্রীরাও একবার এসে তাদের অবস্থার কথা জিজ্ঞেস করেননি। এখন নির্বাচনের সময়ে সবাই এসে মিথ্যে কথা বলছেন। মোদিজি দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেছেন একবছর পর্যন্ত সময়ে ভ্যাকসিন আসবে না, আর এই নির্লজ্জ লোকেরা বিহারবাসীদের ঠকাচ্ছেন!’
রণদীপ সিং সূর্যেওয়ালা আরও বলেন, ‘বিজেপির লোকেরা মিথ্যে বলছেন বলুন কিন্তু এখানকার মানুষকে উপহাস করবেন না। আমাদের এ সম্পর্কে আপত্তি আছে। তিনি কটাক্ষ করে বলেন, জিডিপি’র অর্থ ‘জি’ তে জ্ঞান, ‘ডি’ তে দিয়ে এবং ‘পি’ তে প্রতারিত করা।’
বিহার বিধানসভার নির্বাচন উপলক্ষে আজ বিজেপি’র পক্ষ থেকে ইশতেহার প্রকাশ করার সময়ে বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, কেন্দ্রীয় সরকার করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই ভ্যাকসিনের কাজ শেষ হওয়ার পরে, বিহারের লোকদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন সরবরাহ করা হবে। এরপরেই ওই ইস্যুতে রাজ্যের বিরোধীদল আরজেডি, কংগ্রেস ও অন্যরা কটাক্ষ শুরু করেছে।
বিজেপির মুখপাত্র প্রেম রঞ্জন প্যাটেলের দাবি, প্রধানমন্ত্রী কখনই বলেননি যে এই ভ্যাকসিনটি এক বছর পরে আসবে। বিহারে বিজেপির দায়িত্বশীল ভূপেন্দ্র যাদব বলেছেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছি বিহারে আমাদের সরকার বিনামূল্যে করোনার ভ্যাকসিন সরবরাহ করবে। জনস্বাস্থ্যের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সংবেদনশীল হওয়া উচিত। আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করবো। বিহারে আগামী ২৮ অক্টোবর, ৩ নভেম্বর এবং ৭ নভেম্বর মোট তিন দফায় বিধানসভার নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ১০ নভেম্বর।
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।