বিহারে নীতিশ কুমার বিরোধী ঝড়, তাঁর বিদায় নিশ্চিত: রাজীব শুক্লা
-
রাজীব শুক্লা
ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরকার বিরোধী ঝড় উঠেছে। এবং তাঁর সরকারের বিদায় নিশ্চিত বলে মন্তব্য করেছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা রাজীব শুক্লা। তিনি আজ (সোমবার) বিহারের রাজধানী পাটনায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
বিহারে আগামী ২৮ অক্টোবর, ৩ নভেম্বর এবং ৭ নভেম্বর মোট তিন দফায় নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ১০ নভেম্বর। রাজ্যটিতে জেডিইউ-বিজেপি এনডিএ জোট এবং আরজেডি-কংগ্রেস-সিপিএম মহাজোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
বিহারে আগামী ২৮ অক্টোবর ৭১ আসনে প্রথম দফার নির্বাচনের জন্য প্রচার অভিযান আজ (সোমবার) সন্ধ্যা ৫ টায় শেষ হয়েছে। ২৮ শে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া ভোটে ১ হাজার ৬৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২ কোটি ১৪ লাখ ৬ হাজার ৯৬ জন ভোটার। বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে বক্সার, কৈমুর, ভোজপুর, রোহতাস, আরওয়াল, আওরঙ্গাবাদ, জাহানাবাদ, গয়া, নালন্দা, শেখপুরা, লখীসারাই, মুঙ্গের, জমুই ও বাঁকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ (সোমবার) কংগ্রেসের সিনিয়র নেতা রাজীব শুক্লা বলেন, ‘এখানে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটের ঝড় উঠেছে। আপনারা দেখবেন যে এখানে অপ্রত্যাশিত ফল হবে, অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা আসবে এবং বর্তমানে নীতিশ কুমারের নেতৃত্বে যে এনডিএ সরকার ক্ষমতায় আছে, তারা এখান থেকে বিদায় নিতে চলেছে। তাঁদের বিদায় নেওয়া নিশ্চিত।’
তিনি বলেন, ‘বিহারে নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে ঝড় উঠেছে। বিহারের জনগণ বর্তমান সরকারের বিরুদ্ধে অত্যন্ত ক্ষুব্ধ। আরজেডির সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে।’
কংগ্রেস নেতা রাজীব শুক্লা জেডিইউ নেতা ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কটাক্ষ করে বলেন, ‘উনি প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে অনেক কিছু শিখছেন। প্রতিটি ক্ষেত্রেই লালুপ্রসাদ যাদবের (সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা) শাসনামলকে টার্গেট করছেন! ঠিক যেরকম প্রধানমন্ত্রী মোদি দেশের যেকোনও ইস্যুতে সাবেক প্রধানমন্ত্রী নেহরুকে অভিযুক্ত করেন। এরা দু’জনেই বর্তমানের কথা বলেন না। তাদের সরকার কী করেছে বা তাদের সরকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কী করছে তা নিয়ে কথা বলেন না। যদি এরকমই চলতে থাকে তাহলে সেদিন আর খুব বেশি দূরে নয় যখন প্রধানমন্ত্রী মোদি কোনও বিষয়ে ব্রিটিশদের দোষ দেওয়া শুরু করবেন।’
এদিকে, আজ আরজেডি নেতা ও মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাংবাদিকদের সামনে পেঁয়াজের মালা নিয়ে বলেন, এই মালা কাকে পরানো হবে? আজ পেঁয়াজের কেজি একশো টাকা ছাড়িয়ে গেছে। নীতিশজিকে খোঁজা হচ্ছে। তাঁর মুখে ওই ইস্যুতে কোনও কথা নেই কেন? নীতিশ কুমার আসন্ন নির্বাচনে পরাজিত হতে চলেছেন বলেও আরজেডি নেতা তেজস্বী যাদব মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।