কৃষকরা কৃষি আইন বুঝতে পারলে গোটা দেশে বিরোধিতা শুরু হবে: রাহুল গান্ধী
-
ওয়ানাডে কংগ্রেস নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, দেশের সমস্ত কৃষকরা কৃষি বিলকে ভালোভাবে বুঝতে পারেননি, যদি দেশের প্রত্যেক কৃষক ওই আইন বুঝতে পারেন তাহলে পুরো দেশে এর বিরোধিতা করা হবে।
আজ (বৃহস্পতিবার) কেরালার ওয়ানাডে এক সমাবেশে রাহুল আরও বলেন, সত্যি এটাই যে, অনেক কৃষকই এই বিলের বিস্তারিত বিবরণ বুঝতে পারেননি, তারা যদি বোঝেন তবে সারা দেশে প্রতিবাদ শুরু হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের স্বার্থে কংগ্রেসের আনা জমি অধিগ্রহণ বিলকে হত্যা করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন রাহুল। কেরালার ওয়ানাডে তাঁর বিধানসভা আসনে এক জনসভায় দেয়া বক্তব্যে রাহুল এ সম্পর্কে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার সাথে সাথে ওই বিলটি শেষ করার চেষ্টা করেছিলেন, তবে কংগ্রেস লড়াই করেছিল এবং তাকে তা করতে বাধা দিয়েছে।
বুধবার রাহুল গান্ধী দু'দিনের জন্য কেরালা সফরে গেছেন। কৃষকদের ইস্যুতে কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, কয়েক বছর আগে আমি লক্ষ্য করেছিলাম যে ভারতে কৃষকদের ওপর আক্রমণ করা হচ্ছে। ভট্ট-পারসৌল দিয়ে শুরু হয়েছিল যখন তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছিল। আমি বুঝতে পারি যে এটি একটি সমস্যা এবং তারপরে কংগ্রেসের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়। ফলস্বরূপ, আমরা বহু বছরের পুরোনো ব্রিটিশ আইন বাতিল করে দিয়েছিলাম এবং একটি নতুন জমি অধিগ্রহণ বিল নিয়ে এসেছিলাম যা কৃষকদের ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয় এবং ভূমি নিরাপত্তার নিশ্চয়তা দেয়। কিন্তু ক্ষমতায় আসার পরে মোদিজী প্রথম ওই বিলটি শেষ করতে চেয়েছিলেন। আমরা সংসদে লড়াই করেছি এবং তাদের তা করতে বাধা দিয়েছি।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।