প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকার অবমাননায় গোটা দেশ ব্যাথিত : মোদি
https://parstoday.ir/bn/news/india-i86660-প্রজাতন্ত্র_দিবসে_জাতীয়_পতাকার_অবমাননায়_গোটা_দেশ_ব্যাথিত_মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘২৬ জানুয়ারি দিল্লিতে জাতীয় পতাকার অবমাননায় গোটা দেশ ব্যথিত।’ আজ (রোববার) প্রধানমন্ত্রী রেডিওতে ‘মন কী বাত’ অনুষ্ঠানে’ ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ৩১, ২০২১ ১৫:৪৭ Asia/Dhaka
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘২৬ জানুয়ারি দিল্লিতে জাতীয় পতাকার অবমাননায় গোটা দেশ ব্যথিত।’ আজ (রোববার) প্রধানমন্ত্রী রেডিওতে ‘মন কী বাত’ অনুষ্ঠানে’ ওই মন্তব্য করেন।

কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে চলমান কৃষক আন্দোলনের মধ্যে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় যেখানে  জাতীয় পতাকা উড়ছিল তার কাছাকাছি অন্যত্র শিখদের ধর্মীয় পতাকা উত্তোলন করাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় জাতীয় পতাকার অবমাননা হয়েছে বলে অভিযোগ। আন্দোলনকারী কৃষকদের একটা বড় অংশই শিখ ধর্মের মানুষজন।

এদিকে, জাতীয় পতাকার অবমাননা প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্য প্রকাশ্যে আসার পরে ভারতীয় কিসান ইউনিয়ন (বিকেইউ)-এর নেতা  রাকেশ টিকায়েত বলেছেন, জাতীয় পতাকা সকলের। যারা তার অপমান করেছে, সরকারের উচিত সকলকে গ্রেফতার করা।’

অন্যদিকে, ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা দিগ্বিজয় সিং প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তাঁর বক্তব্যকে ‘কুমিরের কান্না’ বলে  অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় দিগ্বিজয় সিং বলেন, ‘যখন আরএসএস স্বাধীনতার পরে কয়েক দশক ধরে জাতীয় পতাকা তুলতে অস্বীকার করেছিল, তখন আপনি ‘স্তম্ভিত’ হননি কেন? এটা কুমিরের কান্না।’

ভারতে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি লাগোয়া বিভিন্ন রাজ্যের সীমান্তে গত দু’মাস ধরে একটানা আন্দোলন করছেন দেশের  কৃষকরা। গত ২৬ জানুয়ারি তারা দিল্লি অভিযানের ডাক দিয়েছিলেন। এ সময়ে একদল ক্ষুব্ধ কৃষক ঐতিহাসিক লালকেল্লা, যেখানে সাধারণত স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন, সেই লালকেল্লা চত্বরের একটি জায়গায় ভিন্ন একটি পতাকা উত্তোলন করেন। এ সময়ে  লালকেল্লার বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুরও হয়। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করে এরইমধ্যে অভিযুক্তদের ধরপাকড় শুরু করেছে।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।