বিজেপি’র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, প্রধানমন্ত্রীকে তৃণমূল নেতার তীব্র কটাক্ষ
ভারতে বিজেপিশাসিত উত্তরাখণ্ডে হিমবাহ ফেটে ভয়াবহ বিপর্যয় ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করে তাঁকে দু’নম্বরি লোক বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি। আজ (সোমবার) বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি হুগলীর শ্রীরামপুরে ওই মন্তব্য করেন।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি সরকার সব খেয়ে নিয়েছে। ওরা শুধু তোলা তুলেছে, সেজন্য বাঁধ ভেঙে যাচ্ছে। আর ওই তোলা মোদি আর অমিত শাহকে পাঠিয়েছে। অমিত শাহ আর মোদি করে খাচ্ছে। ভদ্রলোকের মতো মুখ দেখাচ্ছেন নরেন্দ্র মোদি দাড়ি নিয়ে, যেন মহাপুরুষ! কিন্তু ওর মতো একটা দু-নম্বরি লোক আপনি আর কোথাও পাবেন না।’
তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি আরও বলেন, ‘উনি সব বেচে দিচ্ছেন। আর তলায় তলায় টাকা খাচ্ছেন। আমি চাই, যে বিপর্যয় হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে তার তদন্ত করানো হোক।’
উত্তরাখণ্ডে গতকাল (রোববার) যোশিমঠের কাছে নন্দাদেবী হিমবাহের একাংশ ভেঙে বিরাট তুষারধস নামে। যার ফলে বহু মানুষ হতাহত হয়েছে। এ পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। অলকানন্দা এবং ধৌলিগঙ্গায় পানিরস্তর বিপদসীমার ৩/৪ মিটার উপর দিয়ে বইতে শুরু করে। প্রবল জলোচ্ছ্বাস এবং হড়পা বানে ভেসে যায় একাধিক জনপদ। পাঁচটি সেতুও ভেঙে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঋষিগঙ্গা পানিবিদ্যুৎ প্রকল্প। ১৩.২ মেগাওয়াটের প্রকল্পটি কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। তপোবনে রেনি গ্রামের কাছে ধৌলিগঙ্গার উপর এনটিপিসি’র নির্মীয়মাণ তপোবন-বিষ্ণুগড় পানিবিদ্যুৎ প্রকল্পেও বিপর্যয় নেমে আসায় সেখানে কর্মরত কমপক্ষে ১৭০ জন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। পাথর, কাদার তলায় চাপা পড়ে যাওয়ায় তাদের বাঁচার সম্ভাবনাও কম বলে মনে করছেন উদ্ধারকারীরা।
ভয়াবহ ওই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের পৌরি, তেহরি, রুদ্রপয়াগ, হরিদ্বার, দেরাদুনসহ একাধিক জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।