করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অধীরের খোঁচা
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (এআইএমএস) কোভিড -১৯ এর ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। আজ (সোমবার) সকালে পুদুচেরির বাসিন্দা নার্স পি নিবেদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিনের প্রথম ডোজ দিয়েছেন।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যাকসিন নেওয়ার ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী এক বার্তায় বলেন, ‘কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম এইমসে। চিকিৎসক এবং বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যে ভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ। যাঁরা কোভিড প্রতিষেধক নেওয়ার জন্য মনোনীত তাঁদের সকলের কাছে টিকা নেওয়ার আবেদন জানাচ্ছি আমি। আসুন ভারতকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।’
আজ টিকা গ্রহণের সময়ে তাঁকে অসমের ঐতিহ্যবাহী ‘গামছা’ পরিহিত অবস্থায় হাসতে দেখা যায়। এ সময়ে তাঁর পাশে ‘পুদুচেরি’র বাসিন্দা নার্স পি নিবেদার পাশাপাশি ‘কেরালা’র বাসিন্দা রোসম্মা অনিল নামের অন্য এক নার্সও উপস্থিত ছিলেন।
এদিকে, প্রধানমন্ত্রী সবাইকে টিকা নেওয়ার আবেদন জানালেও বিজেপি নেতা ও হরিয়ানার স্বাস্থ্য মন্ত্রী অনিল ভিজ তা নেবেন না বলে জানিয়েছেন। তিনি আজ এক বার্তায় বলেন, ‘আজ আবার করোনার টিকা দেওয়া শুরু হল। প্রত্যেকের নির্দ্বিধায় তা গ্রহণ করা উচিত। তবে আমি টিকা নিতে পারব না। কোভিডের সংক্রমণের পরে আমার অ্যান্টিব়ডির ‘কাউন্ট’ ৩০০, যেটা অনেকটাই। হয়তো ট্রায়াল চলাকালীন যে টিকা নিয়েছিলাম, সেজন্যই এমনটা হয়েছে। বর্তমানে আমার টিকার প্রয়োজন নেই।’
এদিকে, প্রধানমন্ত্রীর টিকা গ্রহণের বিষয়টি রাজনীতির সঙ্গে যুক্ত করে দেখেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, এতে নির্বাচনের বিষয়টিও মাথায় রাখা হয়েছে। কেরালা এবং পুদুচেরির নার্স এবং অসমের গামছা। আমি বলি, যদি বাংলার ‘গীতাঞ্জলি’ হাতে রাখতেন তাহলে সবকিছু সম্পূর্ণ হয়ে যেত! কেন আমরা কেবল প্রধানমন্ত্রীর প্রশংসা করব? কেন স্বাস্থ্যমন্ত্রী এবং এইমস-এর ডিরেক্টর, যিনি এটি প্রথম নিয়েছছেন, তাদের প্রশংসা করব না? ভারতে সম্প্রতি পশ্চিমবঙ্গ, কেরালা, পুদুচেরি, অসম ও অন্য রাজ্যে বিধানসভা নির্বাচনের সময়সূচী ঘোষণা করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।