মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই প্রার্থী হবেন, সেখানেই পরাজিত হবেন: বিজেপি
ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই প্রার্থী হবেন, সেখানেই পরাজিত হবেন বলে বিজেপি নেতারা মন্তব্য করেছেন। আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এমনই দাবি করেছেন পশ্চিমবঙ্গে বিজেপি’র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমপি। একইসঙ্গে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর জয় নিশ্চিত বলেও তারা মন্তব্য করেছেন।
বিজেপি’র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘নন্দীগ্রাম আসনে ২০০ শতাংশ হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নন্দীগ্রামের মানুষের সঙ্গে শুধু প্রতারণা করেছেন। বিগত ১০ বছরে সেখানে কিছু করেননি। ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্নে অনেক তৃণমূল কর্মী বিজেপিতে এসেছেন।’
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘পরাজিত হওয়ার ভয়ে ভবানীপুর কেন্দ্র থেকে পালিয়ে নন্দীগ্রাম কেন্দ্রে গিয়েছেন মমতা। এবার নন্দীগ্রাম থেকে পরাজিত হয়ে কালীঘাটের বাড়িতে যাবেন। রাজ্যে পরিবর্তন হবেই। তারপরে মানুষের জন্য ‘সোনার বাংলা’ গড়ার কাজে হাত দেবে বিজেপি।’
অন্যদিকে, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী আজ বলেন, ‘নন্দীগ্রামে মাননীয়াকে হারাবই। ঝাড়গ্রাম বিজেপি’র শক্ত ঘাঁটি। ঝাড়গ্রামে দলের ৪ জন প্রার্থীই জিতবেন। এটা একশো শতাংশ নিশ্চিত।’
ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থীরা ঝাড়গ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিজেপি প্রার্থীরা মিছিল করেন। মেদিনীপুরে সেই মিছিলে ছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ ও বিজেপির অন্য নেতারা।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।