বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করা হবে: অভিষেক বন্দোপাধ্যায়
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপি’র ভিন রাজ্যের নেতাদের সম্পর্কে বলেছেন, বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করা হবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) বাঁকুড়ায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের যত ক্ষমতা আছে, এজেন্সি দিয়ে চমকান, ধমকান কোনও লাভ নেই। আপনার ১০ গুণ জেদ আমার। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার জেদ হল বহিরাগতদের দিয়ে বাংলা দখল করা। কিন্তু আমার জেদ হল বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করা। আগামী ২ মে (নির্বাচনের ফল প্রকাশের দিন) কড়ায়গণ্ডায় জবাব পেয়ে যাবে।’
অভিষেক বলেন, ‘লড়াইটা এজেন্সি দিয়ে নয়। উন্নয়নের তথ্য পরিসংখ্যান দিয়ে হোক। আপনাদের মোদি ৭ বছরে কী করেছে, আর আমাদের ‘দিদি’ (মমতা) ১০ বছরে কী করেছে। আপনারা ঠিক করুন কোথায় লড়াই করবেন? কোন মাঠে বসবেন? কোন চ্যানেলে করবেন? আপনারা জায়গা ঠিক করুন, মঞ্চ ঠিক করুন, নেতা ঠিক করুন, সঞ্চালক ঠিক করুন। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতারা থাকবেন, আরেক দিকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকব।’
অভিষেক বলেন, ‘বিজেপি নেতারা কথায় কথায় মিথ্যা বলেন। এই যে বিজেপির নেতারা বাংলায় আসছেন, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদি, কৈলাশ বিজয়বর্গীয় এরা সব ‘বহিরাগত’। রাজনাথ সিং, নীতিন গদকড়ি, জেপি নাড্ডা এদের নাম বলছি। প্রকাশ্য চ্যালেঞ্জ থাকল দু’মিনিট যেকোনো মঞ্চ থেকে কাগজ না দেখে যদি বাংলায় কথা বলতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। কাগজ না দেখে, টেলিপ্রম্পটার না দেখে যেকোনো ‘বহিরাগত নেতা’ যদি দু’মিনিট বাংলায় কথা বলতে পারেন তৃণমূল লড়বে না। আর আমি চ্যালেঞ্জ করছি কোনও কিছু না দেখে এক ঘণ্টা হিন্দিতে কথা বলব। এই যে ৭/৮ জন বিজেপি নেতার নাম বললাম তারা ডেইলি প্যাসেঞ্জারি করছে, বাংলায় আসছে, যাচ্ছে। কারণ হল মমতা বন্দোপাধ্যায়কে বাংলা ছাড়া করা। কিন্তু মমতা বন্দোপাধ্যায়কে বাংলা ছাড়া করলে তোমরা আগামীদিনে দিল্লী ছাড়া হবে। মমতা বন্দোপাধ্যাকে হারানো অত সোজা নয়। সিপিএম ৩৪ বছর ধরে অত্যাচার করে মমতাকে দমাতে পারেনি। আর তুমি তো কোন ছার।’
রাজ্যে মোট ২৯৪ আসনের মধ্যে আমাদের লক্ষ্য ২৫০ আসনে জয়ী হওয়া বলেও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি মন্তব্য করেন।
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।