আদবানীর মতো মোদিকেও রাজনৈতিক সন্ন্যাসে পাঠাবে আরএসএস : কংগ্রেস
https://parstoday.ir/bn/news/india-i92848-আদবানীর_মতো_মোদিকেও_রাজনৈতিক_সন্ন্যাসে_পাঠাবে_আরএসএস_কংগ্রেস
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা কমতে থাকলে আরএসএস তাঁকে ‘রাজনৈতিক সন্ন্যাসে’র পথে ঠেলে দিতে পারে এবং এভাবে তাঁকে মাঠের বাইরে পাঠাতে আরএসএসের সময় লাগবে না বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা অনন্ত গ্যাডগিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০২১ ১২:১৭ Asia/Dhaka
  • আদবানীর মতো মোদিকেও রাজনৈতিক সন্ন্যাসে পাঠাবে আরএসএস : কংগ্রেস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা কমতে থাকলে আরএসএস তাঁকে ‘রাজনৈতিক সন্ন্যাসে’র পথে ঠেলে দিতে পারে এবং এভাবে তাঁকে মাঠের বাইরে পাঠাতে আরএসএসের সময় লাগবে না বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা অনন্ত গ্যাডগিল।

প্রধান বিরোধীদল কংগ্রেসের জাতীয় মুখপাত্র অনন্ত গ্যাডগিল এ প্রসঙ্গে  উদাহরণ হিসেবে বিজেপির একসময়ের প্রতাপশালী নেতা লালকৃষ্ণ আদবানীর রাজনৈতিক অবস্থান প্রসঙ্গও উল্লেখ করেছেন। গত (সোমবার) একইসঙ্গে তিনি করোনাভাইরাসের টিকাকরণের শ্লথ গতি নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন।  

উগ্র হিন্দুত্ববাদী সংস্থা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা আরএসএসের রাজনৈতিক সংগঠন হল বিজেপি। ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসেবে গড়ে তোলাই আরএসএসের লক্ষ্য।      

পশ্চিমবঙ্গের মানবাধিকার সংস্থা ‘বন্দি মুক্তি কমিটি’র সাধারণ সম্পাদক ছোটন দাস

এ প্রসঙ্গে আজ (বুধবার) পশ্চিমবঙ্গের মানবাধিকার সংস্থা ‘বন্দি মুক্তি কমিটি’র সাধারণ সম্পাদক ছোটন দাস রেডিও তেহরানকে বলেন, ‘নির্বাচন একটা অঙ্গ, সেই মানদণ্ডের নিরিখে বোঝা গেছে ওনার (প্রধানমন্ত্রী) জনপ্রিয়তা কমেছে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে, জনপ্রিয়তা তো তৈরি করা হয়। তৈরি করেছে সঙ্ঘ পরিবার (আরএসএস) এবং গোদি মিডিয়া এরা তৈরি করেছে। সবদিক থেকে ওনার জনপ্রিয়তা কমছে। মানুষের হালহকীকত খারাপ হচ্ছে।’  

তিনি বলেন, ‘কোভিডকে যেভাবে ওরা প্রথম দিক থেকে অবহেলা করেছে সমস্ত চিকিৎসা ব্যবস্থাকে কার্যত শিকেয় তুলে দিয়ে। হাজার হাজার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সেটা মানুষের মধ্যে বাড়তি ক্ষোভ সৃষ্টি করেছে। ফলে, সঙ্ঘ পরিবারের যে এজেন্ডা, সেই এজেন্ডা যদি ওকে দিয়ে সম্পূর্ণ করা না যায় স্বাভাবিকভাবে তাঁরা অন্য মুখ দেখবে। সঙ্ঘ পরিবারের কর্মসূচি কার্যকরী করার জন্য জনপ্রিয় বানানো হয়েছে।’  যদি সঙ্ঘ পরিবারের এজেন্ডা কার্যকরী না করতে পারেন তাহলে তাঁরা অন্য কাউকে খুঁজে নেবেন বলেও ‘বন্দি মুক্তি কমিটি’র সাধারণ সম্পাদক ছোটন দাস মন্তব্য করেন।    

কংগ্রেসের জাতীয় মুখপাত্র অনন্ত গ্যাডগিল বলেছেন,  প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা যেভাবে কমছে, তাতে সত্যিই তাঁর বিপদের আশঙ্কা রয়েছে। আরএসএস যেকোনও মুহূর্তে তাঁর ডানা ছেঁটে দিতে পারে। একসময় জনপ্রিয়তার শীর্ষে থাকা এলকে আদবানীর মতো সিনিয়র বিজেপি নেতাকেও একইভাবে আরএসএস ‘রাজনৈতিক সন্ন্যাসে’ পাঠিয়েছিল। 

কংগ্রেস নেতা অনন্ত গ্যাডগিলের কথায়,  পুনেতে আরএসএসের মতিবাগের দফতর তাঁর বাড়ি থেকে খুব দূরে নয়। সেজন্য ওই সংগঠনটিকে খুব কাছ থেকে তিনি দেখেছেন। কোনও ব্যক্তি সংগঠনের ঊর্ধ্বে চলে যাবে, আরএসএস তা মেনে নেয় না। তখন তাঁর ডানা ছাঁটাই অনিবার্য। মহামারী মোকাবিলায় কেন্দ্র ও প্রধানমন্ত্রী মোদির ব্যর্থতার কারণে তাঁর জনপ্রিয়তা আরও কমতে বাধ্য।   

‘প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের অব্যবস্থার ফলে লাখ লাখ জীবিকা নষ্ট হয়েছে, আর সেজন্য এই মহামারি পরিস্থিতিতে শ্রী মোদির জনপ্রিয়তা হ্রাস পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর ওই ইস্যুতে আরএসএস তাঁকে সরিয়ে দিতে পারে’ বলেও কংগ্রেস নেতা ও দলটির জাতীয় মুখপাত্র অনন্ত গ্যাডগিল মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।