পেগাসাস ইস্যুতে অসংসদীয় আচরণের দায়ে তৃণমূল এমপি শান্তনু সেন সাসপেন্ড
-
তৃণমূল এমপি শান্তনু সেন
ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় ‘অগণতান্ত্রিক এবং অসংসদীয়’ আচরণের অভিযোগে তৃণমূল এমপি শান্তনু সেনকে সাসপেন্ড করা হয়েছে। আজ (শুক্রবার) রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু ‘অগণতান্ত্রিক এবং অসংসদীয়’ আচরণের জন্য শান্তনুকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন।
আগামী ১৩ আগস্ট পর্যন্ত সংসদের বর্ষাকালীন অধিবেশন চলবে। ততদিন পর্যন্ত সাসপেন্ড থাকবেন শান্তনু সেন এমপি।
আজ অধিবেশনের কাজকর্ম শুরু হলে শান্তনু সেনের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত ঘোষণা করেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। তিনি বলেন, ‘অগণতান্ত্রিক এবং অসংসদীয় আচরণের জন্য অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
গতকাল (বৃহস্পতিবার) রাজ্যসভায় ইহুদিবাদী ইসরাইলি পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতার অভিযোগ প্রসঙ্গে সাফাই দিয়ে বিবৃতি দিচ্ছিলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কিন্তু এ সময়ে পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি শান্তনু সেন মন্ত্রীর হাত থেকে বিবৃতি দেওয়ার কাগজপত্র ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংয়ের আসনের দিকে নিক্ষেপ করেন। এরপরেই শাসকদল বিজেপির পক্ষ থেকে অভিযুক্ত তৃণমূল এমপি শান্তনু সেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
রাজ্যসভার তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন এমপি’র অভিযোগ বৃহস্পতিবার কাগজ ছেঁড়ার ঘটনার পরে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী নিজের আসন ছেড়ে শান্তনুর দিকে তেড়ে গিয়েছিলেন। অসংসদীয় বাক্যও প্রয়োগ করেছিলেন। ডেরেকের প্রশ্ন, ‘অন্য অভিযুক্ত (হরদীপ) কেন ছাড় পেলেন?’
এদিকে, অভিযুক্ত তৃণমূল এমপি শান্তনু সেন আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট বার্তায় বলেছেন, ‘সংসদ থেকে আমাকে অসংসদীয়ভাবে সাসপেন্ড করার জন্য নরেন্দ্র মোদি ও বিজেপি সরকারকে ধন্যবাদ। কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের প্রতিবাদী কণ্ঠকে চুপ করিয়ে দিতে পারবেন না। ‘ভারতীয় জাসুস পার্টি’র মন্ত্রী হরদীপ পুরী হয়তো তাঁর গুন্ডামির জন্য পুরস্কৃত হলেন।’
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেন, ‘এই ধরনের ঘটনা প্রথম নয়। তৃণমূলের সাংসদরা বাংলার রাজনীতিকে কলুষিত করেছেন। বাংলার মুখ পোড়াচ্ছেন দিল্লিতে এসে। এরআগের অধিবেশনে আমরা দেখেছি তৃণমূল এমপি মহুয়া মৈত্র স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, সেটা সবাই দেখেছেন। গত ক’দিন ধরে যেভাবে ‘নাটক’ করছেন তৃণমূল এমপিরা এতে বাংলার মান বাড়ছে না। যদি কিছু বলার থাকে তারা যোগ্য জায়গায় উত্থাপন করুন। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করাটাই ওদের উদ্দেশ্যে। বাংলায় সহিংসতা বন্ধ করতে পারছেন না, মানুষকে করোনা ভ্যাকসিন ঠিক মতো দিতে পারছেন না, রেশন নিয়ে গণ্ডগোল। সেজন্য দিল্লিতে এসে নাটক করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’
যে ব্যবহার করেছেন নেতা, ডাক্তার ও এমপি শান্তনু সেন তারপক্ষে এটা শোভা পায় না বলেও বিজেপি নেতা দিলীপ ঘোষ এমপি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।