বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরলেন মমতা
-
মমতা বন্দোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে নেয়া ছবি
ভারতের পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ মে রাজ্যের নয়া মন্ত্রিসভা শপথ নেবে। দুইশ’র বেশি আসনে জয়লাভ করে কার্যত ইতিহাস সৃষ্টি করেছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।
রাজ্যের মোট ২৯৪ টি আসনের মধ্যে ২১১টি আসনে জয়ী অথবা এগিয়ে রয়েছে তৃণমূল। অন্যদিকে, বামফ্রন্ট-কংগ্রেস জোট ৭৫ টি আসনে, বিজেপি মাত্র ৩ টি এবং অন্যান্যরা ৪ টি আসনে এগিয়ে অথবা জয়ী হয়েছে। এখনো পর্যন্ত সরকারিভাবে ফল ঘোষণা করা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূলের বিপুল জয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
রাজ্য বিপুল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গত দুই বছর ধরে তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নীতির অভিযোগ তোলা হলেও সাধারণ মানুষ তা খারিজ করে দিয়েছে।’ যারা দুর্নীতির ইস্যু নিয়ে সরব হয়েছিলেন তাদের ক্ষমা চাওয়ার দাবি করেছেন তিনি।
২৭ মে দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দোপাধ্যায়। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে বিজয় উৎসব পালন করা হবে বলে তিনি জানান।

বিজেপি সম্পর্কে মমতা বলেন, ‘বিজেপি ও আমাদের মধ্যে মতাদর্শগত পার্থক্য আছে। ওদের আমরা সমর্থন করতে পারি না।’
রাজ্যে সিপিএম-কংগ্রেস জোট সম্পর্কে মমতা বলেন, ‘কেরালায় কুস্তি এবং বাংলায় দোস্তি, এর জেরেই ওরা ডুবেছে।’ পশ্চিমবঙ্গে সিপিএম-কংগ্রেস জোট হলেও কেরালায় সিপিএম এবং কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে লড়েছে। মমতা এই ঘটনাকে দোস্তি এবং কুস্তি বলে কটাক্ষ করেছেন।
তিনি বলেন, আগামীকাল শুক্রবার দলের পরিষদীয় বৈঠকে পরিষদীয় দলনেতা নির্বাচিত হবেন। এবং তারপরেই গভর্নরের কাছে সরকার গঠনের দাবি জানানো হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের দীপা দাসমুন্সীকে ২৫ হাজার ৩০১ ভোটে পরাজিত করেছেন। অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা সিপিএমের সূর্যকান্ত মিশ্র ১৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৯