রেড রোডে মমতার শপথে আমন্ত্রিত একঝাঁক রাজনৈতিক তারকা
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ২৭ মে কোলকাতার ঐতিহাসিক রেড রোডে শপথ নেবেন। সাধারণত রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে কার্যত প্রথা ভেঙে রেড রোডের মত উন্মুক্ত জায়গায় আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন তিনি এবং তার মন্ত্রীসভার অন্য সদস্যরা।
রাজভবনে শপথ অনুষ্ঠান হলে, সাড়ে তিন হাজারের বেশি অতিথিকে সেখানে জায়গা দেয়া যায় না। অনেক বেশি মানুষের উপস্থিতিতে শপথ নিতে চান বলেই মমতা রেড রোডের মতো জায়গা বেছে নিয়েছেন।
আজ (শুক্রবার)কোলকাতার কালীঘাটের বাড়িতে দলীয় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় সর্বসম্মতিক্রমে পরিষদীয় দল নেত্রী হিসেবে নির্বাচিত হন। বিধায়কদের সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি।
মমতা আজ দলীয় বিধায়কদের আরো বেশি করে মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করার জন্য নির্দেশ দেন। তিনি বলেন, ‘মানুষ আমাদের উপর অনেক ভরসা রেখেছে৷ অনেক বেশি সমর্থন দিয়েছে৷ আরো বেশি করে মানুষের প্রত্যাশা পূরণের জন্য সকলকে যথাসাধ্য পরিশ্রম করতে হবে৷ মানুষের এই বিশ্বাস ও আস্থার মর্যাদা দিতে হবে।'
আজ মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী নির্বাচিত হওয়ার পরেই দুপুর দু’টা নাগাদ রাজভবনে গিয়ে গভর্নরের কাছে সরকার গড়ার দাবি জানান। তার সঙ্গে ছিলেন তৃণমূলের অন্যতম শীর্ষনেতা মুকুল রায়, সুব্রত বকসী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় প্রমুখ।
একটি সূত্রে প্রকাশ, শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি’র শীর্ষনেতা রাজনাথ সিং, অরুণ জেটলি, পীযূষ গোয়েল, সুরেশ প্রভুকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়া, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, আহমেদ প্যাটেল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব প্রমুখদের রেড রোডের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এমনকি মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেখা যেতে পারে বলে মিডিয়াতে জল্পনা ছড়িয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/২০