তেহরান এবং আইএইএ'র মধ্যকার মতপার্থক্য কমে এসেছে
https://parstoday.ir/bn/news/iran-i101270-তেহরান_এবং_আইএইএ'র_মধ্যকার_মতপার্থক্য_কমে_এসেছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে জানিয়েছেন, তেহরান এবং আইএইএ'র মধ্যে বিভিন্ন ইস্যুতে যে মতপার্থক্য ছিল তা অনেকটাই কমে এসেছে। এসব বিষয়ে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এবং আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসির মধ্যে আলোচনা চলছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২১ ০৭:২৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে জানিয়েছেন, তেহরান এবং আইএইএ'র মধ্যে বিভিন্ন ইস্যুতে যে মতপার্থক্য ছিল তা অনেকটাই কমে এসেছে। এসব বিষয়ে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এবং আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসির মধ্যে আলোচনা চলছে।

ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে গতকাল (মঙ্গলবার) দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। খাতিবজাদে বলেন, “এই মুহূর্তে আমি আলোচনার বিস্তারিত জানাতে চাইছি না তবে আশা করছি যে, দুপক্ষ খুব শিগগিরই একটি সমঝোতায় পৌঁছাবে।”

এর আগে গতকাল দিনের প্রথম দিকে মোহাম্মাদ ইসলামি সাংবাদিকদের জানিয়েছিলেন, ইরান এবং আইএইএ’র মধ্যকার সহযোগিতা এই সংস্থার রক্ষাকবচ এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি'র আওতার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

মোহাম্মাদ ইসলামি (বামে) ও রাফায়েল গ্রোসি

মোহাম্মাদ ইসলামি বলেছিলেন, কারাজের পরমাণু স্থাপনায় প্রবেশের ব্যাপারে আইএইএ যে অনুরোধ জানিয়েছে তা এইসব রক্ষাকবচের মধ্যে পড়ে না বলে ওই অনুরোধ গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ২০১৫ সালে শুরু হওয়া পরমাণু সমঝোতা অনুসারে যদি আইএইএ কারাজ পরমাণু স্থাপনায় প্রবেশ করতে চায় তাহলে অন্য সব পক্ষকে পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। শুধু ইরান তার বাধ্যবাধকতা মেনে চলবে আর অন্য পক্ষগুলো মানবে না- এটি হতে পারে না।#

পার্সটুডে/এসআইবি/১৫