ভিয়েনা কনভেনশনের সীমাবদ্ধতা নিয়েই ইরানে আফগান দূতাবাস কাজ করবে
https://parstoday.ir/bn/news/iran-i102314-ভিয়েনা_কনভেনশনের_সীমাবদ্ধতা_নিয়েই_ইরানে_আফগান_দূতাবাস_কাজ_করবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদী খাতিবজাদে জানিয়েছেন, ১৯৬১ সালে সই হওয়া ভিয়েনা কনভেনশনের কিছু সীমাবদ্ধতা মেনে নিয়েই তেহরানে অবস্থিত আফগান দূতাবাস কাজ করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১০, ২০২২ ০৮:৫৪ Asia/Dhaka
  • ভিয়েনা কনভেনশনের সীমাবদ্ধতা নিয়েই ইরানে আফগান দূতাবাস কাজ করবে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদী খাতিবজাদে জানিয়েছেন, ১৯৬১ সালে সই হওয়া ভিয়েনা কনভেনশনের কিছু সীমাবদ্ধতা মেনে নিয়েই তেহরানে অবস্থিত আফগান দূতাবাস কাজ করবে।

গতকাল (রোববার) রাজধানী তেহরানে সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ের সময় তিনি একথা বলেন।

কয়েকটি গণমাধ্যমে খবর বের হয়েছে যে, ইরানের সরকার তেহরানে আফগান দূতাবাসকে তালেবান সরকারের কাছে হস্তান্তর করার পরিকল্পনা নিয়েছে। এই খবরের প্রতিক্রিয়ায় খাতিবজাদে এ কথা জানান। তিনি সুস্পষ্ট করে বলেন, শুধুমাত্র ভিয়েনা কনভেনশন অনুসারে আফগান দূতাবাস কাজ করতে পারবে। তারা তার বাইরে যেতে পারবে না।

তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি

ইরানি মুখপাত্র বলেন, তেহরানে অবস্থিত অন্যসব দূতাবাসের মতোই আফগান দূতাবাস ভিয়েনা কনভেনশনের অবকাঠামোর ভেতরে থেকে কাজ করবে। এর বাইরে যাওয়া কোনভাবেই সম্ভব হবে না।

এর একদিন আগে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরান সফর করেন। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিনিধিদলের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার বিষয়টিকে দু'পক্ষ বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।

আফগান পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের সময় দু'দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুসহ ব্যাংকিং সহযোগিতা, সীমান্ত বাজার প্রতিষ্ঠা, খনি এবং ক্রীড়াক্ষেত্রের মতো বিভিন্ন বিভাগে সহযোগিতার বিষয়ে সমঝোতা হয়েছে।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এ পর্যন্ত কোনো দেশ এখনো আফগান সরকারকে সরাসরি কূটনৈতিক স্বীকৃতি দেয় নি। তবে নিকটতম প্রতিবেশী দেশ হিসেবে ইরান, পাকিস্তান এবং চীন আফগানিস্তানের চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং আন্তর্জাতিক সমাজকে তালেবানরা সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।