ইইউ'র শীর্ষ কূটনীতিক বোরেল জানালেন:
ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে
-
জোসেপ বোরেল
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। এক সপ্তাহ বিরতির পর মঙ্গলবার বিকেল থেকে যখন ভিয়েনায় আবার আলোচনা শুরু হয়েছে তখন বোরেল এ মন্তব্য করলেন।
তিনি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে একথাও বলেন যে, ভিয়েনা সংলাপ থেকে একটি ফল বেরিয়ে আসতে আর কতো সপ্তাহ সময় লাগতে পারে তা তার জানা নেই। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে বলে তিনি জোর আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা এখন কোন পর্যায়ে রয়েছে- জানতে চাইলে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ কূটনীতিক বোরেল বলেন, তিনি এর চেয়ে বেশি আর কিছু বলতে পারবেন না কারণ, বিষয়টি এ পর্যায়ে গোপন রাখতে হবে।
ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপকে তিনি চলমান সংলাপের সবচেয়ে বড় সমস্যা বলে অভিহিত করেন। বোরেল বলেন, তবে ইরান ও আমেরিকা উভয়ই একটি চুক্তি স্বাক্ষরে আগ্রহ দেখানোয় এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।#
পার্সটুডে/এমএমআই/এআর/৯