সিরিয় শান্তি প্রক্রিয়ায় ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ: জাতিসংঘ
-
রামজি এজ্জেদিন রামজি
সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতের সহকারী রামজি এজ্জেদিন রামজি বলেছেন, ইরানের উদ্যোগ সিরিয়ার শান্তি প্রক্রিয়াকে গতিশীল করতে পারে। পাশাপাশি সিরিয়ার প্রাণঘাতী সংকট নিরসনে ইরানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে তেহরানে এক বৈঠকে এ মন্তব্য করেন এজেদ্দিন। তিনি আরো বলেন, সিরিয়া একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে এবং দেশটির সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে ইরান। সিরিয়াকে চলমান সংকট থেকে বের হয়ে আসার ক্ষেত্রে সহায়তা করতে পারে ইসলামি প্রজাতন্ত্র।
বৈঠকে আমির আবদুল্লাহিয়ান বলেন, সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের জন্য সন্ত্রাস-বিরোধী যুদ্ধে আন্তরিক হতে হবে। আরবের কোনো একটি দেশের স্বার্থ হাসিলের জন্য সন্ত্রাসবাদকে ব্যবহার করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
পাঁচ বছরের এ সংকটের সামরিক সমাধানের সম্ভাবনা কথা নাকচ করে দিয়ে আব্দুল্লাহিয়ান বলেন, সিরিয়া সংকট সমাধানে ইরান প্রস্তুত রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৬