জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
নিষেধাজ্ঞা প্রত্যাহারে নতুন শর্ত আরোপ করেছে আমেরিকা
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান জানিয়েছেন, তার দেশের উপর থেকে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আমেরিকা নতুন শর্ত আরোপ করেছে। তবে কোনো চাপের কাছে ইরান নতি স্বীকার কিংবা আপস করবে না বলে তিনি ঘোষণা দেন।
আজ (রোববার) আমির আব্দুল্লাহিয়ান মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, "তারা নতুন শর্ত আরোপ করার ব্যাপারে আগ্রহী যা কিনা সংলাপের সঙ্গে সম্পর্কযুক্ত নয়।"
তিনি বলেন, "নিশ্চয়ই আমরা তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই তবে তা হতে হবে সম্মানজনক উপায় এবং শক্তিশালী ও স্থায়ী চুক্তির মাধ্যমে। প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি সবসময় মন্ত্রিসভার সদস্যদেরকে স্মরণ করিয়ে দেন যে, ভিয়েনা সংলাপের ওপর সমস্ত আশা-ভরসা তৈরি করা ঠিক হবে না বরং রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা অকার্যকর করে দিতে এবং দেশের অর্থনীতি ও বাণিজ্যকে টেকসই উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে।"
আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, “আমরা মর্যাদাপূর্ণ টেকসই এবং ভালো চুক্তির জন্য কূটনীতির পথ অনুসরণ করবো কিন্তু আমেরিকা যদি নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য নতুন কোনো শর্ত যুক্ত করে তা গ্রহণযোগ্য হবে না।” নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু চুক্তি পুনর্বহালের ব্যাপারে ইরান তার রেডলাইন রক্ষা করে চলবে বলেও আমির আব্দুল্লাহিয়ান উল্লেখ করেন।#
পার্সটুডে/এসআইবি/১০