জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
https://parstoday.ir/bn/news/iran-i117012-জার্মান_রাষ্ট্রদূতকে_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়ে_তলব
ইরানে বিদেশি মদদ-পুষ্ট দাঙ্গা ও সন্ত্রাসবাদে প্রকাশ্য উস্কানির প্রতিবাদে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হ্যান্ডস-উডো মুজেলকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১০, ২০২২ ০৮:৩৪ Asia/Dhaka
  • তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হ্যান্ডস-উডো মুজেল
    তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হ্যান্ডস-উডো মুজেল

ইরানে বিদেশি মদদ-পুষ্ট দাঙ্গা ও সন্ত্রাসবাদে প্রকাশ্য উস্কানির প্রতিবাদে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হ্যান্ডস-উডো মুজেলকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

জার্মান সরকার ইরানে একজন দাঙ্গাবাজের মৃত্যুদণ্ড কার্যকর করার ‘তীব্র নিন্দা’ জানানোর পর শুক্রবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়। তার সঙ্গে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে  বার্লিনের অযাচিত হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানান।

গত সেপ্টেম্বর মাসে মাহসা আমিনি নামে ২২ বছরের এক কুর্দি তরুণী পুলিশের হাতে আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে দুঃখজনকভাবে সে মৃত্যুবরণ করে। এ ঘটনাকে কেন্দ্র করে বিদেশী মদদপুষ্ট কিছু লোক ইরানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সহিংসতা শুরু করে। তারা বহু সরকারি ও বেসরকারি সম্পত্তি দোকানপাট ও গাড়িতে আগুন দিয়েছে এবং ভাঙচুর করেছে।

জার্মান রাষ্ট্রদূতকে তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, সন্ত্রাসবাদ, দাঙ্গা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করতে ইরানের সরকার দেশের প্রচলিত আইন অনুযায়ী যেসব ব্যবস্থা নিচ্ছে সে ব্যাপারে জার্মান সরকার দ্বৈত নীতি গ্রহণ করেছে।

তারা বলেন, জার্মান সরকার যখন নিজ দেশের নিরাপত্তাকে রেড লাইন হিসেবে গ্রহণ করে সেদেশের দাঙ্গা সৃষ্টিকারীদের দমন করছে তখন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার অধিকার তার নেই। উল্লেখ্য, গত সপ্তাহে জার্মান সরকার দেশটির সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করার পরিকল্পনা করার দায়ে কয়েক ডজন ব্যক্তিকে আটক করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জার্মান রাষ্ট্রদূতকে আরো বলেন, অতীতে ইরানি জনগণের সঙ্গে জার্মান সরকারের ‘বেদনাদায়ক আচরণের’ কথাও তেহরান ভুলে যায়নি। জার্মানি ১৯৮০’র দশকে ইরানের বিরুদ্ধে আট বছরব্যাপী যুদ্ধে ইরাকের তৎকালীন সাদ্দাম সরকারের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছিল। ওই অস্ত্রের আঘাতে ইরানের হাজার হাজার নিরপরাধ মানুষ হতাহত হন। এছাড়া, ইরানি জনগণের বিরুদ্ধে মার্কিন সরকার বর্তমানে যে অবৈধ ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে তাতেও সহযোগিতা করেছে জার্মানি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জার্মান রাষ্ট্রদূত তেহরানের প্রতিবাদের কথা বার্লিনের কাছে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।