পাশ্চাত্য যেন আর প্রমাণবিহীন অভিযোগ উত্থাপন না করে: পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়াকে ড্রোন সরবরাহ করার অভিযোগ আবার প্রত্যাখ্যান করল ইরান
-
হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়ার কাছে যুদ্ধ ড্রোন সরবরাহ করেছে বলে পশ্চিমা দেশগুলো যে দাবি করেছে তা আবারও নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, পাশ্চাত্যকে তেহরানের বিরুদ্ধে প্রমাণবিহীন অভিযোগ উত্থাপনের খেলা বন্ধ করতে হবে।
নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে আব্দুল্লাহিয়ান এই অভিযোগ প্রত্যাখ্যান করেন যে, চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া কিয়েভের বিরুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলোর এ অভিযোগ যে অসত্য তা প্রমাণ করার জন্য ইউক্রেনকে দ্বিপক্ষীয় বৈঠকে বসার আহ্বান জানিয়েছিল তেহরান। ইউক্রেনের একটি প্রতিনিধিদল সে আহ্বানে সাড়া দিয়ে ইরানের সঙ্গে প্রথম বৈঠকে বসেছিলও। কিন্তু পাশ্চাত্যের চাপের মুখে দু’দেশের মধ্যকার পরবর্তী বৈঠকে আর ইউক্রেনের প্রতিনিধিদল অংশ নেয়নি।
আব্দুল্লাহিয়ান বলেন, পাশ্চাত্যকে এই ব্যর্থ খেলা বন্ধ করতে হবে। ইরান যুদ্ধের বিরোধী এবং শান্তি চায়।
রাশিয়ার কাছে ইরানের ড্রোন বিক্রির অভিযোগ সর্বপ্রথম উত্থাপন করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।তিনি গত বছরের জুলাই মাসে এক বক্তব্যে বলেন, তিনি গোয়েন্দা সূত্রে খবর পেয়েছেন ইউক্রেনে হামলার কাজে ব্যবহার করার জন্য ইরান রাশিয়ার কাছে কয়েকশ’ ড্রোন হস্তান্তর করেছে। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ বেশ কয়েকজন পশ্চিমা কর্মকর্তা ইরানের বিরুদ্ধে এই অভিযোগ করেছে। তবে তেহরান ও মস্কো শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।#
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।