ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির গোয়েন্দা প্রধান বললেন
‘গত বছরের ইরান দাঙ্গায় ২০টি বিদেশি গোয়েন্দা সংস্থার ভূমিকা ছিল’
ইরানে গত বছর বিদেশি মদদে ছড়িয়ে পড়া সহিংসতায় ২০টি বিদেশি গোয়েন্দা সংস্থা ‘কার্যকর ভূমিকা’ পালন করেছে বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
এই বাহিনীর গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ কাজেমি বলেন, জো বাইডেন ক্ষমতায় আসার পর মার্কিন কর্তৃপক্ষ যখন উপলব্ধি করে যে, তাদের ইরান নীতি ব্যর্থ রয়েছে এবং তাদেরকে ট্রাম্পের শাসনামলের মতো তেহরানের ওপর কথিত ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করতে হবে তখনই ওই দাঙ্গা শুরু হয়।
কাজেমি বলেন, “বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর মার্কিনীরা এই কৌশলগত সিদ্ধান্তে উপনীত হয় যে, তারা বিভিন্ন ক্ষেত্রে ইরানের কাছে পরাজিত হয়েছে। আর ইরানের কাছে তাদের পরাজয়ের কারণ এদেশের সর্বোচ্চ নেতার দূরদর্শী নেতৃত্ব। ইরানে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে; কাজেই ইরানকে এর মূল্য দিতে হবে।”
আইআরজিসির গোয়েন্দা প্রধান বলেন, কাজেই তারা ইরানকে শাস্তি দেয়ার জন্য ট্রাম্প প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ বিকল্প ভার্সন তৈরি করার কাজে মনযোগ দেয়। আর এই কাজে আমেরিকার সঙ্গে যোগ দেয় আরো বেশ কিছু দেশ।
কাজেমি এক্ষেত্রে যেসব দেশের নাম উল্লেখ করেন সেগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফ্রান্স, জার্মানি, কানাডা ও বাহরাইন।#
পার্সটুডে/এমএমআই/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।