কাতারের আমিরকে ইরানি প্রেসিডেন্ট
ইরান ও কাতারের মধ্যে সম্পর্ক বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, কাতার এবং তার দেশের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক আরো বাড়ানোর ব্যাপক সম্ভবনা রয়েছে। গতকাল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে খলিফার সঙ্গে ফোনালাপে একথা বলেন তিনি।
ফোনালাপে রায়িসি বলেন, ইরান ও কাতার তাদের অভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর বিরাট ক্ষমতা রাখে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রেও দুই দেশ একে অপরকে ব্যাপকভাবে সহযোগিতা করতে পারে। তেহরান এবং দোহার মধ্যে যৌথ কর্মসূচি এবং বিভিন্ন চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কাতারের আমির যে প্রচেষ্টা চালাচ্ছেন তারও প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট।
ইসলামি প্রজাতন্ত্র সবসময় কাতারের সাথে সম্পর্কের উন্নতিকে গুরুত্ব দিয়ে এসেছে উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, তেহরান দোহার সাথে দ্বিপক্ষীয় সহযোগিতার বিস্তৃতিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার সুযোগ হিসেবে বিবেচনা করে।
ফোনালাপে শেখ তামিম বার্ষিক হজযাত্রার সফল সমাপ্তি ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রেসিডেন্ট রায়িসি এবং ইরানি জাতিকে অভিনন্দন জানান। এছাড়া, ইরানে অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগ বাড়ানোর জন্য কাতারের প্রস্তুতির কথাও ঘোষণা করেন।
শেখ তামিম বলেন, "সম্পর্কের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন সময় যে ভালো আলোচনা ও শলাপরামর্শ করেছি তা বিবেচনায় নিয়ে আমরা অদূর ভবিষ্যতে অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি যৌথ কমিশন গঠন করতে প্রস্তুত রয়েছি।"
কাতারের কারাগার থেকে সাত ইরানি নাগরিককে মুক্তি এবং তাদের দেশে ফেরার ঘোষণার পর প্রেসিডেন্ট রায়িসি ও কাতারের আমিরের মধ্যে এই ফোনালাপ হলো।#
পার্সটুডে/এসআইবি/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।