রাশিয়ার কাছে ড্রোন রপ্তানির অভিযোগ আবার প্রত্যাখ্যান করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i125838-রাশিয়ার_কাছে_ড্রোন_রপ্তানির_অভিযোগ_আবার_প্রত্যাখ্যান_করল_ইরান
ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে সমরাস্ত্র সরবরাহ করার ‘ভিত্তিহীন দাবি’ আবার প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, এই অভিযোগের ওপর ভিত্তি করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা ব্যবস্থা নেয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুলাই ২২, ২০২৩ ১০:০০ Asia/Dhaka
  • রাশিয়ার কাছে ড্রোন রপ্তানির অভিযোগ আবার প্রত্যাখ্যান করল ইরান

ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে সমরাস্ত্র সরবরাহ করার ‘ভিত্তিহীন দাবি’ আবার প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে, এই অভিযোগের ওপর ভিত্তি করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার পাল্টা ব্যবস্থা নেয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে একথা বলেন। তিনি বলেন, “যেমনটি এর আগেও রাষ্ট্রীয়ভাবে কয়েকবার বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ার কাছে ইরানি ড্রোন রপ্তানি একটি ভিত্তিহীন অভিযোগ অভিযোগ ছাড়া আর কিছু নয়।”

কানয়ানি বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে যে সহযোগিতা বিরাজ করছে তাকে ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কযুক্ত করার যেকোনো চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়; এর কোনো বাস্তবভিত্তি নেই। ইরানের এই মুখপাত্র আবারো একথা স্পষ্ট করেন যে, তার দেশ ইউক্রেন যুদ্ধের ঘোর বিরোধী। তেহরান কূটনৈতিক উপায়ে অবিলম্বে ইউক্রেন সংঘাতের অবসান চায়।

নাসের কানয়ানি বলেন, “দুঃখজনকভাবে পশ্চিমারা রাজনৈতিক উদ্দেশ্যে ইরানি জনগণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ব্যর্থ নীতি প্রয়োগ করে যাচ্ছে। আর এ কাজে প্রমাণ অযোগ্য এবং উদ্ভট অভিযোগ ব্যবহার করা হচ্ছে।”

ইউরোপীয় কাউন্সিল গত বৃহস্পতিবার রাশিয়ার কাছে ইরানের কথিত ড্রোন রপ্তানির অভিযোগে তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওই নিষেধাজ্ঞায় ড্রোন ব্যবহারের কাজে লাগে এমন উপকরণ ইউরোপ থেকে ইরানি আমদানি নিষিদ্ধ করা হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২২