সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: জারিফ
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস এবং উগ্রবাদের বিরুদ্ধে মুসলিম দেশগুলো যে লড়াই করতে সক্ষম তা পশ্চিমাদেরকে দেখিয়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
গতকাল (মঙ্গলবার) রাতে প্যারিসে জারিফ বলেন, সন্ত্রাস কবলিত মুসলিম বিশ্বে আমাদেরকে দেখাতে হবে যে, আমরা নিজেরা উগ্রবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে পারি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও ইসলাম এবং মুসলিম রাষ্ট্র ও সমাজের স্বার্থে আমাদের উচিত অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা। প্যারিসে ইরানের রাষ্ট্রদূতের বাসায় ৩৩টি দেশের বিভিন্ন সংগঠের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি ইফতার পার্টিতে জারিফ এ মন্তব্য করেন।
জারিফ বলেন, অন্যায়ের মোকাবেলায় মুসলিম দেশগুলোর উচিত ঐক্যবদ্ধ হওয়া। কারণ ইসলাম কোনো নির্দিষ্ট ভূখণ্ড বা এলাকায় সীমাবদ্ধ নয়।
তিনি বলেন, আমরা এমন একটি ধর্মের অনুসারী যেখানে প্রত্যেক ব্যক্তিকে মানব জাতীর অংশ হিসেবে বিশ্বাস করা হয় এবং অন্যায়ভাবে কাউকে হত্যা করা গোটা মানব জাতীকে হত্যা করার শামিল। তিনি আরো বলেন, আমরা এমন একটি ধর্মের অনুসারি যেখানে বিশ্বকে সার্বজনীন হিসেবে গণ্য করা হয়। তাই বিশ্বকে দেখিয়ে দেয়া মুসলিম দেশগুলোর জন্য কঠিন কোনো বিষয় নয় যে, তাদের ধর্ম একটি বিশ্বজনীন ধর্ম।
জারিফ বলেন, আমাদের ধর্ম এই শিক্ষাই দেয় যে, আমরা যদি ঐক্যবদ্ধ না হই তবে এক সঙ্গেই আমরা সব হারাব। আমাদের ভবিষ্যত প্রজন্মের কল্যাণের স্বার্থেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও উল্লেখ করেন জারিফ।#
পার্সটুডে/বাবুল আখতার/ ২৩