যুদ্ধ করে আর পার পাবে না ইসরাইল: ইরানের প্রেসিডেন্ট রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i129124-যুদ্ধ_করে_আর_পার_পাবে_না_ইসরাইল_ইরানের_প্রেসিডেন্ট_রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, আঞ্চলিক সমীকরণ বদলে গেছে এবং যুদ্ধ করে আর তেল আবিব পার পাবে না বরং এখন থেকে যেকোনো ধরনের যুদ্ধ ইহুদিবাদীদের জন্য ক্ষতির কারণ হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০২৩ ১০:৪৯ Asia/Dhaka
  • যুদ্ধ করে আর পার পাবে না ইসরাইল: ইরানের প্রেসিডেন্ট রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, আঞ্চলিক সমীকরণ বদলে গেছে এবং যুদ্ধ করে আর তেল আবিব পার পাবে না বরং এখন থেকে যেকোনো ধরনের যুদ্ধ ইহুদিবাদীদের জন্য ক্ষতির কারণ হবে।

তিনি গতকাল (রোববার) মুসলিম উম্মাহর প্রতি এক বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও সহযোগী সংগঠনগুলো ইসরাইলের বিরুদ্ধে এক নজিরবিহীন অভিযান শুরু করার একদিন পর এ সতর্কবাণী উচ্চারণ করলেন ইরানের প্রেসিডেন্ট।ওই অভিযানে এ পর্যন্ত অন্তত ৭০০ দখলদার ইসরাইলি নিহত ও প্রায় আড়াই হাজার আহত হয়েছে। ইসরাইলে ঢুকে পড়া ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখনও বিভিন্ন স্থানে ইহুদিবাদী বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।

ইরানের প্রেসিডেন্ট তার বার্তায় বলেন, “নিঃসন্দেহে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করার দায় ইহুদিবাদী সরকার ও তার সহযোগীদের এবং তাদেরকেই এজন্য জবাবদিহী করতে হবে।” প্রেসিডেন্ট রায়িসি ইসরাইল-বিরোধী যুদ্ধে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার জন্য মুসলিম জাতিগুলোর প্রতি আহ্বান জানান। ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের ইসরাইল-বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এই অভিযান ‘নিষ্ঠুরতার বিশ্ব জুড়ে’ আতঙ্ক ও বিস্ময় সৃষ্টি করেছে।

ইব্রাহিম রায়িসি বলেন, নিপীড়িত ফিলিস্তিনি জাতির প্রতি নিপীড়ন ও অবিচার, নারী ও বন্দীদের প্রতি অবমাননা এবং আল-কুদস ও মুসলমানদের প্রথম কিবলাকে অপমান করা যে চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় তা ফিলিস্তিনীরা তাদের অভিযানের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। তিনি ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত প্রতিরোধে সংগ্রামের অধিকারের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।