সৌদি ও কাতারি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আমির-আব্দুল্লাহিয়ানের ফোনালাপ
‘অবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধ করে মানবিক ত্রাণ নির্বিঘ্ন করতে হবে’
-
(ডানে) হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও (বামে) আব্দুর রহমান বিন জসিম আলে সানি
অবিলম্বে অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ও কাতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও তার কাতারি সমকক্ষ আব্দুর রহমান বিন জসিম আলে সানি রোববার এক ফোনালাপে এ আহ্বান জানান।
দুই শীর্ষ কূটনীতিক ফিলিস্তিনি ইস্যু বিশেষ করে গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন। তারা অবরুদ্ধ এই ফিলিস্তিনি ভূখণ্ডের বিরুদ্ধে ইসরাইলের নির্বিচার হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। দুই পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় বিনা বাধায় মানবিক সাহায্যের বহর প্রবেশ করতে দেয়ারও আহ্বান জানান।
এর আগে রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি বেসামরিক নাগরিকেদের বিরুদ্ধে ইসরাইলি বর্বরতা বন্ধ করতে সম্মিলিত আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
ইরানি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার মানুষের এখন জরুরি ভিত্তিতে খাদ্য, খাবার পানি ও আশ্রয় প্রয়োজন। এছাড়া, কতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে তাদের সংখ্যা নিরুপণ করে তাদের সাহায্যে এগিয়ে যেতে হবে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের নির্বিচার পাশবিক হামলায় নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। গাজার অবকাঠামো এত বেশি ধ্বংস করে দেয়া হয়েছে যে, এখন হতাহতের সংখ্যা গণনা করার মতো অবস্থাও ওই উপত্যকাবাসী হারিয়ে ফেলতে যাচ্ছে। গাজা এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন বলে জাতিসংঘ বারবার হুঁশিয়ারি দিচ্ছে। কিন্তু এসব হুঁশিয়ারি উপেক্ষা কর বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। সেই সঙ্গে সীমিত পর্যায়ে স্থল অভিযানও শুরু করেছে তেল আবিব।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/৩০