ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা
'প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলকে মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের সমস্ত প্রতিরোধ যোদ্ধা গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
গতকাল (শুক্রবার) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই ঘোষণা দেন। আবদুল্লাহিয়ান বলেন, গাজায় ইসরাইলের বর্বর হত্যকাণ্ড শুরুর পর থেকে ইরান আঞ্চলিক প্রভাবশালী দেশগুলোর সঙ্গে পরামর্শ করেছে যাতে দ্রুত ইহুদিবাদীদের যুদ্ধাপরাধ ও হত্যাকাণ্ডের অবসান ঘটানো যায় এবং মানবিক ত্রাণ পাঠানোর ব্যবস্থা হয়। গাজা উপত্যকায় নিরাপরাধ নারী ও শিশু হত্যাকাণ্ড এবং অবকাঠামো ধ্বংসের জন্য ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল ও আমেরিকাকে সমানভাবে দায়ী করেন। ফোনালাপে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের সাধারণ মানুষ এবং প্রতিরোধ যোদ্ধাদের প্রতি দামেস্কের অব্যাহত ও অপরিবর্তনীয় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বর্ণবাদী ইসরাইলকে মোকাবেলার জন্য তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার করার আহ্বান জানান। গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজা উপত্যকায় বর্বর বিমান হামলা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত কমপক্ষে ৯,২২০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে ৩,৮২০টি শিশু ও ২৪০৫ জন নারী রয়েছেন।# পার্সটুডে/এসআইবি/৪