উপযুক্ত স্থান ও সময়ে জবাব দেয়া হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i133574-উপযুক্ত_স্থান_ও_সময়ে_জবাব_দেয়া_হবে_ইরান
সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় ইরানের পাঁচ সামরিক উপদেষ্টার শাহাদাতের কঠোরতম নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, দেশটি ভুয়া রাষ্ট্র ইসরাইলের এই ‘সংগঠিত সন্ত্রাসবাদের’ জবাব দেয়ার অধিকার সংরক্ষণ করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২১, ২০২৪ ০৬:২৪ Asia/Dhaka
  •  উপযুক্ত স্থান ও সময়ে জবাব দেয়া হবে: ইরান

সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় ইরানের পাঁচ সামরিক উপদেষ্টার শাহাদাতের কঠোরতম নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, দেশটি ভুয়া রাষ্ট্র ইসরাইলের এই ‘সংগঠিত সন্ত্রাসবাদের’ জবাব দেয়ার অধিকার সংরক্ষণ করে।

 ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি শনিবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, উপযুক্ত সময় ও স্থানে এই সংগঠিত সন্ত্রাসী হামলার জবাব দেবে তেহরান।

কানয়ানি তার বিবৃতিতে আরো বলেন, গত ১০০ দিন ধরে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে পেরে না উঠে ইহুদিবাদী ইসরাইল এখন গোটা অঞ্চলে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা ছড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে। তিনি সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনকারী এ হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।

শনিবার বিকেলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায়, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের আরো পাঁচ সামরিক উপদেষ্টা ইহুদিবাদী ইসরাইলের গুপ্তহত্যার শিকার হয়েছেন। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের পাঁচ সামরিক উপদেষ্টা শহীদ হওয়ার পাশাপাশি সিরিয়ারও কয়েকজন সেনা মারা গেছেন।

রাজধানীর মেজ্জা এলাকার একটি তিন তলা বাড়িতে ইহুদিবাদী ইসরাইল ওই হামলা চালায়। মেজ্জা এলাকায় বেশ কয়েকটি দেশের কূটনৈতিক মিশন রয়েছে। ইহুদিবাদী ইসরাইল দীর্ঘদিন ধরে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়ে আসছে। আইআরজিসির বিবৃতিতে দামেস্কে নিহত সেনা উপদেষ্টাদের নাম জানানো হয়েছে। তারা হলেন হুজ্জাতুল্লাহ ওমিদভার, আলী আগাযাদে, হোসেইন মোহাম্মাদি, সাঈদ কারিমি এবং মোহাম্মাদ আমিন সামাদি।

গত ২৫ ডিসেম্বর সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের গুপ্তহত্যার শিকার হন ইরানের কুদস ফোর্সের শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মুসাভি। এর কিছুদিনের মধ্যেই এই হামলা হল।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।