আরব লীগকে দোষারোপের রাজনীতি থেকে সরে আসতে হবে: ইরান
-
আহমেদ আবুল গেইত
আরব লীগের নয়া মহাসচিব আহমেদ আবুল গেইতকে দোষারোপ করার রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছে ইরান। একইসঙ্গে মুসলিম বিশ্ব- বিশেষ করে মধ্যপ্রাচ্য নিয়ে আরব লীগের মহাসচিবের হঠকারী ও অগঠনমূলক বক্তব্য প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আবুল গেইতকে আরব লীগের গত কয়েক বছরের ভূমিকা পর্যালোচনা করে মধ্যপ্রাচ্যসহ গোটা মুসলিম বিশ্বের চলমান সংকটের ব্যাপারে সম্মানজনক বক্তব্য দিতে হবে।
রোববার মিশরীয় দৈনিক আল-আহরামকে দেয়া এক সাক্ষাৎকারে আবুল গেইত ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে বলেন, বাহরাইন ও ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের আর দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তেহরান।
এর প্রতিক্রিয়ায় কাসেমি বলেন, নিজের সনদ অনুযায়ী আরব লীগের যখন শান্তিপূর্ণ উপায়ে বিভিন্ন সংকটের সমাধান করা উচিত তখন এই জোট একটি আরব দেশের বিরুদ্ধে আরেকটি আরব দেশের আগ্রাসনকে সমর্থন দিয়ে মতপার্থক্য ও বিভেদকে উস্কে দিচ্ছে। তিনি বলেন, ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করার মাধ্যমে বাস্তবতাকে পরিবর্তন করা যাবে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইহুদিবাদী দখলদারিত্ব এবং উগ্র জঙ্গিবাদকে মুসলিম বিশ্বের দু’টি প্রধান অভিন্ন হুমকি হিসেবে উল্লেখ করেন।
রোববার ৩ জুলাই আহমেদ আবুল গেইত ২২-জাতির আরব লীগের মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫