আরাকচি: আগ্রাসীরা বিপদে আছে; রক্তপাতের সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রের
https://parstoday.ir/bn/news/iran-i157564-আরাকচি_আগ্রাসীরা_বিপদে_আছে_রক্তপাতের_সম্পূর্ণ_দায়_যুক্তরাষ্ট্রের
পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, শত্রুরা ইসরায়েল ও অন্যান্য লক্ষ্যবস্তুর দিকে ছোড়া আমাদের ক্ষেপণাস্ত্র থামাতে পারেনি। আমরা সফল হয়েছি এবং তারা আমাদের থামাতে পারেনি; এটিই আমাদের বিজয়।
(last modified 2026-03-06T08:36:15+00:00 )
মার্চ ০৬, ২০২৬ ১৩:৫৭ Asia/Dhaka
  • আরাকচি
    আরাকচি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, শত্রুরা ইসরায়েল ও অন্যান্য লক্ষ্যবস্তুর দিকে ছোড়া আমাদের ক্ষেপণাস্ত্র থামাতে পারেনি। আমরা সফল হয়েছি এবং তারা আমাদের থামাতে পারেনি; এটিই আমাদের বিজয়।

পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বৃহস্পতিবার রাতে এনবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে ইরানের ওপর সামরিক আগ্রাসনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এই রক্তপাতের সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রের। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ধরে এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, তারা দেখিয়ে দেবে—যে কেউ এই যুদ্ধ চালিয়ে যেতে চাইবে, সে  চোরাবালিতে আটকা পড়বে।

তিনি আরও বলেন, ছয় দিন যুদ্ধ চলার পর পরিষ্কার হয়ে গেছে যে, যুক্তরাষ্ট্র তাদের মূল লক্ষ্য হাসিল করতে ব্যর্থ হয়েছে, তারা দ্রুততম সময়ের মধ্যে পরিপূর্ণ বিজয় অর্জন করতে চায়। তারা তাদের হামলাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো কারণ দেখাতে পারেনি এবং এখন তারা “প্ল্যান বি”-র কথা বলছে, যা সম্ভবত আরও বড় ব্যর্থতায় পরিণত হবে। তাদের লক্ষ্য ছিল সরকার পরিবর্তন এবং দ্রুত বিজয়, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

আরাকচি আরও বলেন, হ্যাঁ, আমরা আঘাতের শিকার হয়েছি, কিন্তু আমরা ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোসহ বহু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছি। আমাদের ক্ষেপণাস্ত্র এখনও সক্রিয় এবং নির্ভুলভাবে কাজ করছে। তারা আমাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও অন্যান্য লক্ষ্যবস্তুর দিকে নিক্ষেপ করা বন্ধ করতে পারেনি। এটিই আমাদের বিজয় এবং আমরা প্রতিরোধ করতে পেরেছি।

তিনি বলেন, যুদ্ধে আসলে কোনো প্রকৃত বিজয়ী নেই। কিন্তু আমাদের বিজয় হলো শত্রুর অবৈধ লক্ষ্যগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করতে সক্ষম হয়েছি।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।