লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি আবারো বন্ধ করে দিলো ইরান
-
হরমুজ প্রণালি আবারো বন্ধ করে দিলো ইরান
লেবাননে ইসরাইলি হামলার পর ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’-এর অভিযোগ তুলে আবারো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান।
দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, লেবাননে ইসরাইলের বড় ধরনের হামলার পর প্রথমে প্রণালিতে জাহাজ চলাচল ধীর হয়ে আসে, পরে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, বর্তমানে হরমুজ প্রণালিতে কোনো জাহাজ চলাচল করছে না।
এর আগে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রণালিতে সীমিতভাবে জাহাজ চলাচল শুরু হয়েছিল বলে জানা যায়।
এর আগে, লেবাননে ইসরাইলি হামলা চলতে থাকলে যুদ্ধবিরতি থেকে সরে আসার ঘোষণা দেয় ইরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরাইল যদি লেবাননে হামলার মাধ্যমে শর্ত লঙ্ঘন চালিয়ে যায়, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে।
তবে হোয়াইট হাউজ দাবি করেছে, লেবাননের পরিস্থিতি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির অংশ নয়।
বুধবার লেবাননে বিমান হামলার মাধ্যমে অভূতপূর্ব তাণ্ডব চালায় ইসরাইল। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর এমন ভয়াবহ পরিস্থিতি আর দেখা যায়নি। মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের বিভিন্ন প্রান্তে ১০০ বার বিমান হামলা চালানো হয়। রাজধানী বৈরুতের এমন অনেক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলোর সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পৃক্ততা নেই।
এসব হামলায় অন্তত ২৫৪ নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের সিভিল ডিফেন্স।#
পার্সটুডে/এমআরএইচ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।