শত্রুদের সতর্ক করে ইরানের স্পিকার বললেন: সময় ফুরিয়ে আসছে
https://parstoday.ir/bn/news/iran-i158366-শত্রুদের_সতর্ক_করে_ইরানের_স্পিকার_বললেন_সময়_ফুরিয়ে_আসছে
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ শত্রুদের সতর্ক করে বলেছেন, 'সময় ফুরিয়ে আসছে'। বৃহস্পতিবার নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
(last modified 2026-04-10T16:59:31+00:00 )
এপ্রিল ১০, ২০২৬ ২১:০৩ Asia/Dhaka
  • মোহাম্মদ বাকের কলিবফ
    মোহাম্মদ বাকের কলিবফ

ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ শত্রুদের সতর্ক করে বলেছেন, 'সময় ফুরিয়ে আসছে'। বৃহস্পতিবার নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

যুদ্ধবিরতির অংশ হিসেবে তেহরানের ১০-দফা প্রস্তাব ওয়াশিংটনের মেনে নেওয়ার কথা উল্লেখ করে তিনি তার পূর্ববর্তী একটি পোস্টের উদ্ধৃতি দিয়ে বলেন, “ইরানের মিত্র হিসেবে লেবানন এবং সমগ্র প্রতিরোধ অক্ষ এই যুদ্ধবিরতির এক অবিচ্ছেদ্য অংশ।”

যুদ্ধবিরতি চুক্তির সম্মত বিষয়গুলো সম্পর্কে তিনি পাকিস্তানি প্রধানমন্ত্রীর মন্তব্য তুলে ধরে জোর দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রকাশ্যে এবং স্পষ্টভাবে লেবানন ইস্যুর ওপর জোর দিয়েছেন; এটি অস্বীকার বা পিছু হটার কোনো সুযোগ নেই।”

লেবাননে ইসরায়েলিদের অব্যাহত রক্তপাতের কথা উল্লেখ করে কলিবফ বলেন, “অবিলম্বে যুদ্ধের আগুন নিভিয়ে ফেলুন।” তিনি আরো সতর্ক করে বলেন, “যুদ্ধবিরতি লঙ্ঘনের সুস্পষ্ট পরিণতি এবং এর কঠোর জবাব রয়েছে।”

পাকিস্তানের মধ্যস্থতায় বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছে। এর আগে ইসলামি প্রজাতন্ত্রের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৪০ দিনের বিনা উস্কানির আগ্রাসী যুদ্ধ চলেছিল। ওয়াশিংটন তেহরানের ১০-দফা প্রস্তাব গ্রহণ করেছে, যার মধ্যে লেবাননের ওপর হামলা বন্ধ করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। এই পদক্ষেপকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ স্বাগত জানিয়েছে। তবে, ইসরায়েলি শাসকগোষ্ঠী চুক্তির শর্তগুলো লঙ্ঘন করে ইরান ও লেবানন উভয় স্থানেই তাদের হামলা অব্যাহত রেখেছে।#

পার্সটুডে/এমবিএ/এমএআর/১০