যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে এ অঞ্চল থেকে খালি হাতে ফিরতে হবে: জেনারেল কায়ানি
-
ইসমাইল কায়ানি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে কোনো অর্জন ছাড়াই এ অঞ্চল ত্যাগ করতে হবে।
ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেছেন, এ অঞ্চলে প্রতিরোধের সমন্বিত ফ্রন্টের শক্তিশালী এবং কার্যকর উপস্থিতি রয়েছে। একইসঙ্গে তিনি আরো বলেন, প্রতিরোধ ফ্রন্ট শত্রুদের অপমান অপদস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে।
কায়ানি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠীর স্মরণ রাখা উচিত যে, তারা কিভাবে বীর ইয়েমেন, বাবেল আল মান্দেব এবং লোহিত সাগর থেকে খালি হাতে পলায়ন করেছিল।
আইআরজিসির এই কমান্ডার বলেন, এখন তাদেরকে কোনো অর্জন ছাড়াই এই অঞ্চল ত্যাগ করতে হবে।
মার্কিন নৌ বাহিনী হরমুজ প্রণালী অবরোধ দেয়া শুরু করবে এবং ইরানকে টোল দিয়েছে এমন প্রত্যেক জাহাজকে আন্তর্জাতিক পানি সীমায় আটক করা হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেয়ার পর কায়ানির এই মন্তব্য এলো।
কিন্তু মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী বাহিনী সেন্টকম জানিয়েছে, নৌ-অবরোধের আওতায় কেবল সেইসব জাহাজকেই লক্ষ্যবস্তু করা হবে যেগুলো ইরানের বন্দরে যাতায়াত করে। যেসব আন্তর্জাতিক জাহাজ ইরানে যাতায়াত করবে না, তারা প্রণালীটি অবাধে অতিক্রম করতে পারবে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা সোমবার জিএমটি ১৪:০০ টায় ইরানের বন্দরগুলো অবরোধ করা শুরু করবে।#
পার্সটুডে/এমবিএ/এমএআর/১৩