সামুদ কনভয়ে ইসরায়েলি হামলা এবং গাজার জনগণের সমর্থকদের আটক সন্ত্রাসী কাজ: বাকায়ি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্তর্জাতিক জলসীমায় ‘সামুদ ২’ মানবিক নৌবহরের জাহাজগুলোর ওপর ইসরায়েলি হামলা এবং ফিলিস্তিনি জনগণের সমর্থক কর্মীদের আটক করাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন।
পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন: ‘সামুদ’ কনভয়ের ওপর ইসরায়েলি হামলা কেবল একটি ত্রাণ ও মানবিক মিশনের ওপর আক্রমণই নয় বরং এটি মানবিক মূল্যবোধের ওপরও একটি আঘাত।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, বাকায়ি "সামুদ" কনভয়ের বন্দীদেরকে কুখ্যাত কাতজিয়ত কারাগারে স্থানান্তরের কথা উল্লেখ করেছেন, যা ফিলিস্তিনি বন্দীদের ওপর দখলদার সরকারের নির্যাতন ও অমানবিক আচরণের প্রতীক হিসেবে পরিচিত।
তিনি বলেন: "ত্রাণকর্মীদেরকে এই কারাগারে স্থানান্তর এবং তাদের প্রতি ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রীর অপমানজনক ও অমানবিক আচরণ, ইসরায়েলের নৈতিক অবক্ষয়ের আরেকটি লক্ষণ।"
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরায়েলের ক্রমাগত আইন লঙ্ঘনের নিন্দা জানাতে এবং দখলদারদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও সকল সরকারের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি গাজার জনগণের জন্য মানবিক সহায়তা অভিযান এবং বন্দীদের অবিলম্বে মুক্তির বৈশ্বিক দাবির প্রতি পূর্ণ সমর্থনের কথাও বলেছেন।#
পার্সটুডে/এমআরএইচ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন