বলদর্পী আচরণকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে হবে: ব্রিক্স সম্মেলনে আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i159378-বলদর্পী_আচরণকে_ইতিহাসের_আস্তাকুঁড়ে_নিক্ষেপ_করতে_হবে_ব্রিক্স_সম্মেলনে_আরাকচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মার্কিন আগ্রাসনের প্রতিরোধ করা কোনো অপরিচিত লড়াই নয়। আমাদের মধ্যে অনেকেই এই ঘৃণ্য চাপ ও জবরদস্তির বিভিন্ন রূপের সম্মুখীন হচ্ছি। এখন সময় এসেছে একযোগে কাজ করে এটা স্পষ্ট করে দেওয়ার যে, এই ধরনের আচরণকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে হবে।
(last modified 2026-05-14T12:12:43+00:00 )
মে ১৪, ২০২৬ ১৮:০০ Asia/Dhaka
  • ব্রিক্স সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ব্রিক্স সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মার্কিন আগ্রাসনের প্রতিরোধ করা কোনো অপরিচিত লড়াই নয়। আমাদের মধ্যে অনেকেই এই ঘৃণ্য চাপ ও জবরদস্তির বিভিন্ন রূপের সম্মুখীন হচ্ছি। এখন সময় এসেছে একযোগে কাজ করে এটা স্পষ্ট করে দেওয়ার যে, এই ধরনের আচরণকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে হবে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি আজ (বৃহস্পতিবার) ভারতের নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বলেছেন যে আজ আমাদের দেশগুলো আগের যেকোনো সময়ের চেয়ে একে অপরের কাছাকাছি এসেছে; “আমরা যে অভিন্ন ও বিপজ্জনক হুমকির সম্মুখীন, তা আমরা উপেক্ষা করতে পারি না।”

আরাকচি বলেন: “আপনারা সবাই যেমন দেখেছেন, এক বছরেরও কম সময়ের মধ্যে দুইবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নৃশংস ও অবৈধ আগ্রাসনের লক্ষ্যবস্তু হয়েছে ইরান।” ইরানের জনগণের ওপর এই হামলাগুলোকে এমন সব মিথ্যা দাবির মাধ্যমে ন্যায্যতা দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সুচিন্তিত মূল্যায়ন এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলোর অনুমানেরও বিরোধী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন: “সত্যিটা হলো,অনেক স্বাধীন দেশের মতোই ইরানও অবৈধ সম্প্রসারণবাদ ও যুদ্ধবাজ নীতির শিকার হয়েছে। এগুলো এমন জঘন্য বিষয় যার আজকের বিশ্বে কোনো স্থান নেই। যারা বেপরোয়া দুঃসাহসিকতার আশ্রয় নেয়, তারা হয়তো মনে করতে পারে যে এই কর্মকাণ্ডগুলো তাদের ভূ-রাজনৈতিক স্বার্থে; কিন্তু বিশ্বজুড়ে বিভিন্ন জাতি ও সরকার আজ যেমনটা উপলব্ধি করেছে, আঞ্চলিক অস্থিতিশীলতা আগ্রাসনকারী পক্ষগুলোসহ সকল পক্ষের জন্যই একটি লোকসানের পরিস্থিতি।”

আরাকচি বলেন,“ইরান ব্রিকস সদস্য রাষ্ট্রসমূহ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল দায়িত্বশীল সদস্যকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের, যার মধ্যে ইরানের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসনও অন্তর্ভুক্ত, দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর রাজনীতিকরণ রোধ করতে এবং যুদ্ধবাজ নীতি বন্ধ করতে ও জাতিসংঘ সনদ লঙ্ঘনকারীদের দায়মুক্তির অবসান ঘটাতে বাস্তব পদক্ষেপ নিতে আহ্বান জানায়।”

 

পার্সটুডে/এমবিএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।