শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর শেষ বিদায়ের কর্মসূচি ঘোষণা, ৯ জুলাই মাশহাদে দাফন
https://parstoday.ir/bn/news/iran-i160292-শহীদ_আয়াতুল্লাহ_খামেনেয়ীর_শেষ_বিদায়ের_কর্মসূচি_ঘোষণা_৯_জুলাই_মাশহাদে_দাফন
পার্সটুডে: ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল উজমা সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর বিদায়, জানাজা ও দাফনের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শহীদ এই নেতার স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটির ৩ নম্বর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
(last modified 2026-06-13T14:05:19+00:00 )
জুন ১৩, ২০২৬ ১৯:১৮ Asia/Dhaka
  • শহীদ আয়াতুল্লাহিল উজমা সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ী
    শহীদ আয়াতুল্লাহিল উজমা সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ী

পার্সটুডে: ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল উজমা সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর বিদায়, জানাজা ও দাফনের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শহীদ এই নেতার স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটির ৩ নম্বর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনেয়ী এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন, জানাজা ও দাফনের অনুষ্ঠান তেহরান, কোম ও মাশহাদে অনুষ্ঠিত হবে। আগামী ৯ জুলাই (২৪ মহররম) পবিত্র মাশহাদ নগরীতে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে তাঁকে দাফন করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী—

  • ৪ জুলাই (১৯ মহররম) শনিবার এবং ৫ জুলাই (২০ মহররম) রোববার তেহরানের ইমাম খোমেনী (রহ.) মুসাল্লায় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে।
  • ৬ জুলাই (২১ মহররম) সোমবার রাজধানী তেহরানে জানাজার নামাজ ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে।
  • ৭ জুলাই (২২ মহররম) মঙ্গলবার পবিত্র কোম নগরীতে জানাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
  • ৯ জুলাই (২৪ মহররম) বৃহস্পতিবার মাশহাদে জানাজার অনুষ্ঠান শেষে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে মরদেহ দাফন করা হবে।

বিজ্ঞপ্তিতে আয়াতুল্লাহ খামেনেয়ীর পাশাপাশি তাঁর পরিবারের অন্যান্য সদস্য—ড. মিসবাহুল হুদা বাকেরি-কানি, সাইয়্যেদা বুশরা হুসাইনি খামেনেয়ী, জাহরা হাদ্দাদ আদেল এবং জাহরা মোহাম্মাদী গোলপায়েগানি—যাঁরা এই বিয়োগান্তক ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করা হয়।

কেন্দ্রীয় কমিটি নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ মুজতবা হুসাইনি খামেনেয়ী, ইমাম মাহদি (আ.)-এর পবিত্র দরবার এবং বিশ্বের বিভিন্ন দেশের সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে ইরানের জনগণ, বিশ্বের স্বাধীনচেতা মানুষ, ইসলামের আদর্শে বিশ্বাসী এবং ইরানপ্রেমী সকল ব্যক্তিকে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে শহীদ নেতাকে শেষ বিদায় জানানোর আহ্বান জানানো হয়েছে।#

পার্সটুডে/এমএআর/১৩