ইসলামাবাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i160448-ইসলামাবাদ_সমঝোতা_স্মারকে_স্বাক্ষর_করলেন_ইরানের_প্রেসিডেন্ট_পেজেশকিয়ান
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামাবাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।
(last modified 2026-06-18T08:56:49+00:00 )
জুন ১৮, ২০২৬ ১৪:৫৩ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামাবাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।

ইরনাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসানের জন্য সমঝোতা স্মারকের খসড়াটি ১৮ ​​জুন বৃহস্পতিবার ভোরে ইরান ও মার্কিন প্রেসিডেন্টরা স্বাক্ষর করেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অল্প সময়ের মধ্যে ডিজিটালভাবে এবং সশরীরে ইসলামাবাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ইসলামাবাদ সমঝোতায় কূটনৈতিক প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বৃহস্পতিবার সকালে টেলিভিশন অনুষ্ঠানে এই খবর জানিয়ে বলেন, “সমঝোতা স্মারকের খসড়াটি ফারসি এবং ইংরেজি উভয় ভাষাতেই স্বাক্ষরিত হয়েছে।”

সুইজারল্যান্ডে মুখোমুখি বৈঠকের পরিবর্তে ভার্চুয়াল স্বাক্ষরের মাধ্যমে চুক্তি স্বাক্ষরের কথা উল্লেখ করে ইসমাইল বাকায়ি আরও বলেন, “গত ২৪ ঘণ্টায় আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা সশরীরে উপস্থিত না হয়েই সমঝোতা স্মারকের খসড়াটিতে স্বাক্ষর করাটাই শ্রেয়।” বাকায়ির মতে, এই সিদ্ধান্তের অন্যতম কারণ হলো, দুই দেশের রাষ্ট্রপ্রধানরা সরাসরি স্বাক্ষর করলে চুক্তি লঙ্ঘনের রাজনৈতিক ঝুঁকি বেড়ে যেত।

সুইজারল্যান্ডে পরবর্তী বৈঠকের কর্মসূচি সম্পর্কে তিনি আরও বলেন: “সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আলোচনার পরবর্তী পর্যায় শুরু হবে এবং সুইস বৈঠক আয়োজনের বিষয়টি এখনও আলোচ্যসূচিতে রয়েছে, তবে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।”#

পার্সটুডে/এমআরএইচ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।