সামরিক ও কূটনৈতিক সাফল্যের মূল শক্তি জাতীয় ঐক্য: আইআরজিসি
আইআরজিসির রাজনৈতিক বিষয়ক শাখার উপপ্রধান বলেছেন, সামরিক ময়দান হোক বা কূটনীতির অঙ্গন—বিজয়ের মূল চাবিকাঠি হলো জাতির ঐক্য ও অভিন্ন অবস্থান। তিনি বলেন, বহু দশক পর যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক মোকাবিলার হুমকিকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছিল।
তবে তার দাবি, সেই ক্ষেত্রে তারা কঠিন ব্যর্থতার মুখে পড়েছে। তার মতে, এখন যুক্তরাষ্ট্র নরম যুদ্ধ, মানসিক যুদ্ধ এবং গণমাধ্যমভিত্তিক প্রভাব বিস্তারের মাধ্যমে পরিস্থিতি বদলানোর চেষ্টা করছে। তিনি বলেন, এ অবস্থায় সমাজের চিন্তাবিদ ও শিক্ষিত শ্রেণিকে সর্বোচ্চ সচেতনতা ও প্রজ্ঞার সঙ্গে ভূমিকা রাখতে হবে।
জেনারেল ইয়াদুল্লাহ জাভানি আরও বলেন, অনেকেই ধারণা করেছিলেন ইরান ভেঙে পড়বে। এমনকি অঞ্চলের কিছু দেশও এমন মূল্যায়ন করেছিল বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, কিন্তু তা সফল হয়নি। জাভানির মতে, আজকের পরিস্থিতি সেই ব্যর্থতারই প্রমাণ।
তিনি আবারও জোর দিয়ে বলেন, সামরিক ও রাজনৈতিক-উভয় ক্ষেত্রেই সাফল্যের ভিত্তি হলো জনগণের ঐক্য। তার ভাষায়, যখন জনগণ দৃঢ়ভাবে নিজেদের অবস্থানে অটল থাকে, তখন যোদ্ধা কিংবা আলোচক—উভয়েই শক্তিশালী অবস্থান থেকে কাজ করতে পারে। তিনি বলেন, জনগণের সমর্থনই আলোচনাকারীকে শক্ত অবস্থানে কথা বলার সাহস ও সক্ষমতা দেয়। তার মতে, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের সাফল্যের অন্যতম ভিত্তি।#
পার্সটুডে/এমবিএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।