'বিপ্লবের নেতাকে হুমকি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ'— ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া বোরুজেরদির
পার্সটুডে- ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজেরদি ইসলামি বিপ্লবের নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ীর বিরুদ্ধে ইসরায়েলি শাসকগোষ্ঠীর যুদ্ধমন্ত্রীর হুমকিকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ সুস্পষ্ট দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের সঙ্গে ইসলামি দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করার ওপর জোর দিয়েছেন।
পার্সটুডে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানায়, আলাউদ্দিন বোরুজেরদি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। তাঁর ভাষায়, বাস্তবে এই শাসকগোষ্ঠী যুক্তরাষ্ট্রের আঞ্চলিক আধিপত্যবাদী লক্ষ্য বাস্তবায়নের একটি হাতিয়ার।
তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার সমালোচনা করে বলেন, এই ধরনের হুমকির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিক্রিয়া জানানো উচিত। তার মতে, বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা প্রয়োজন এবং বিশ্বের সব দেশের উচিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করা।
বোরুজেরদি আরও বলেন, তবে তার সবচেয়ে বড় প্রত্যাশা মুসলিম উম্মাহর প্রতি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এখনো কিছু ইসলামি দেশ ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রেখেছে। অথচ তার মতে, পরিচিত সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করাই নৈতিক ও সঠিক পদক্ষেপ।
তিনি ইমাম খোমেনীর কৌশলগত দৃষ্টিভঙ্গির উল্লেখ করে বলেন, ইমাম খোমেনী (রহ.) ইসরায়েলকে একটি ‘ক্যানসারগ্রস্ত টিউমার’ হিসেবে বর্ণনা করেছিলেন। তার মতে, এই সমস্যার একমাত্র সমাধান হলো ধারাবাহিক সংগ্রাম ও প্রতিরোধ। তিনি আশা প্রকাশ করেন, একদিন এই ‘শিশুহত্যাকারী’ শাসকগোষ্ঠী বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে বিলুপ্ত হবে এবং ইমাম খোমেনীর ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নেবে।
বোরুজেরদি ইসলামি বিপ্লবের নেতার নিরাপত্তা সম্পর্কে আস্থা প্রকাশ করে বলেন, আল্লাহর অনুগ্রহ এবং ইমাম মাহদী (আ.)-এর তত্ত্বাবধানে আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ী এসব ‘অর্থহীন হুমকি’ থেকে নিরাপদ থাকবেন এবং আরও দৃঢ়তার সঙ্গে সশস্ত্র বাহিনীর নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রদান অব্যাহত রাখবেন।
তিনি আরও বলেন, আজ ইরানের জনগণ আগের যেকোনো সময়ের তুলনায় আরও ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র ও নেতৃত্বের পাশে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, সব ধরনের হুমকি ও ষড়যন্ত্র সত্ত্বেও তারা কখনোই ইরানি জাতির ইচ্ছাশক্তি কিংবা ইসলামি ব্যবস্থার স্থিতিশীলতাকে দুর্বল করতে পারবে না এবং শেষ পর্যন্ত তাদের জন্য কঠিন পরাজয় অপেক্ষা করছে।#
পার্স টুডে/এমবিএ/০৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।