কুয়েতে মার্কিন ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র ও ব্যারাকে আইআরজিসির হামলা, যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i161606-কুয়েতে_মার্কিন_ইলেকট্রনিক_যুদ্ধ_কেন্দ্র_ও_ব্যারাকে_আইআরজিসির_হামলা_যুক্তরাজ্যকে_কড়া_হুঁশিয়ারি
জিয়ারতকারীদের ওপর মার্কিন বাহিনীর হামলার জবাবে কুয়েতের 'ক্যাম্প উদাইরি'-তে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিশেষ ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
(last modified 2026-07-23T15:10:28+00:00 )
জুলাই ২৩, ২০২৬ ২০:১৭ Asia/Dhaka
  • কুয়েতে মার্কিন ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র ও ব্যারাকে আইআরজিসির হামলা, যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি

জিয়ারতকারীদের ওপর মার্কিন বাহিনীর হামলার জবাবে কুয়েতের 'ক্যাম্প উদাইরি'-তে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিশেষ ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আজ (বৃহস্পতিবার) প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় ওই বিশেষ ইউনিটের সেনাসদস্যদের আবাসন (ব্যারাক) এবং ঘাঁটির ফ্লাইট কন্ট্রোল টাওয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন মার্কিন সেনাসদস্য হতাহত হয়েছে।  ইরানি বাহিনী স্পষ্ট করেছে যে, তাদের এই শাস্তিমূলক সামরিক অভিযান এখনও অব্যাহত রয়েছে।

রণাঙ্গনে সুবিধা করতে না পেরে মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে আলোচনার কথা বলছে উল্লেখ করে আইআরজিসি জানিয়েছে, এটি মূলত শক্তি পুনর্গঠন করার এবং নতুন করে হামলার প্রস্তুতি নেওয়ার একটি মার্কিন চক্রান্ত।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, আমেরিকা আলোচনায় ফেরার কথা বললেও অতীতে প্রতিশ্রুতি ভঙ্গের জন্য তাদের মাশুল গুনতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতারণামূলক যুদ্ধবিরতির অজুহাতে পুনরায় জ্বালানি ও যুদ্ধোপকরণ মজুদ করার সুযোগ দেওয়া হবে না।

যুক্তরাজ্যকে সতর্কবার্তা: "যে ঘাঁটি ব্যবহার হবে, সেটিই বৈধ লক্ষ্যবস্তু"

মার্কিন বাহিনী ইরানের ওপর আগ্রাসন চালাতে ব্রিটেনের ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে বি-১ (B1) বোমারু বিমান পরিচালনা করছে বলে অভিযোগ তুলে আইআরজিসি ব্রিটিশ সরকারকে কঠোর বার্তা দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আইআরজিপিসি জানিয়েছে, ইরানের ভূখণ্ডে বা আঞ্চলিক অখণ্ডতার ওপর হামলা চালানোর কাজে ব্যবহৃত যেকোনো দেশের সামরিক ঘাঁটিকে তারা নিজেদের বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে।#

পার্সটুডে/এমএআর/২৩