হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের সম্মতির খবর ভিত্তিহীন: ফার্স নিউজ
https://parstoday.ir/bn/news/iran-i161890-হরমুজ_প্রণালি_খুলে_দেওয়ার_বিষয়ে_ইরানের_সম্মতির_খবর_ভিত্তিহীন_ফার্স_নিউজ
হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে ইরান সমঝোতায় পৌঁছেছে বলে যে খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছে ইরানের ফার্স নিউজ এজেন্সি। কৌশলগত এই জলপথ নিয়ে ইরানের নীতিতেও কোনো পরিবর্তন আসেনি।
(last modified 2026-08-02T13:08:37+00:00 )
আগস্ট ০২, ২০২৬ ১৮:৫৭ Asia/Dhaka
  • হরমুজ প্রণালী অতিক্রম করছে আইআরজিসির একটি সামরিকযান
    হরমুজ প্রণালী অতিক্রম করছে আইআরজিসির একটি সামরিকযান

হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়ে ইরান সমঝোতায় পৌঁছেছে বলে যে খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছে ইরানের ফার্স নিউজ এজেন্সি। কৌশলগত এই জলপথ নিয়ে ইরানের নীতিতেও কোনো পরিবর্তন আসেনি।

এর আগে ইসরায়েলি সাংবাদিক বারাক রাভিদের বরাত দিয়ে কয়েকটি বিদেশি গণমাধ্যম দাবি করে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, জাহাজগুলো ইরানের জলসীমা দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করবে এবং ওমানের জলসীমা দিয়ে বের হবে বলে দাবি করা হয়।

তবে ইরানের পারমাণবিক আলোচনা দলের ঘনিষ্ঠ একটি সূত্র ফার্স নিউজকে জানিয়েছে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরান কোনো চুক্তি করেনি। এ ধরনের খবরকে তিনি সরাসরি মিথ্যা বলে উল্লেখ করেন।

একজন ইরানি সামরিক সূত্রও একই কথা জানিয়েছেন। তার দাবি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের সম্মতির খবরের কোনো ভিত্তি নেই এবং এ বিষয়ে দেশটির নীতিতেও কোনো পরিবর্তন হয়নি।

ওই সামরিক সূত্র বলেন, যুক্তরাষ্ট্রের বৈরী কর্মকাণ্ড ও শত্রুতামূলক পদক্ষেপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

তিনি জানান, নির্ধারিত পথ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে এবং হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি নিতে হবে। এর বাইরে অন্য কোনো পথ ব্যবহার নিরাপদ নয় বলেও সতর্ক করেন তিনি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। পারস্য উপসাগর থেকে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে এই জলপথের গুরুত্ব অনেক। ফলে এটি বন্ধ বা খোলার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।

ইরানি সূত্রের বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং ইরানের অবস্থান অপরিবর্তিত রয়েছে।#

পার্সটুডে/এমএআর/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।