ক্যাস্পিয়ান সাগরের নিরাপত্তা উপকূলীয় দেশগুলোকেই নিশ্চিত করতে হবে: গারিবাবাদি
https://parstoday.ir/bn/news/iran-i162108-ক্যাস্পিয়ান_সাগরের_নিরাপত্তা_উপকূলীয়_দেশগুলোকেই_নিশ্চিত_করতে_হবে_গারিবাবাদি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, ক্যাস্পিয়ান সাগরের নিরাপত্তা একটি আঞ্চলিক ও অভ্যন্তরীণ দায়িত্ব।
(last modified 2026-08-11T10:06:27+00:00 )
আগস্ট ১১, ২০২৬ ১৫:৩৮ Asia/Dhaka
  • ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি
    ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি

পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, ক্যাস্পিয়ান সাগরের নিরাপত্তা একটি আঞ্চলিক ও অভ্যন্তরীণ দায়িত্ব।

তিনি বলেন, উপকূলীয় দেশগুলো নিজেরাই ক্যাস্পিয়ান সাগরের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম এবং তাদেরই তা করা উচিত।

মেহের নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে আরও জানায়, ক্যাস্পিয়ান সাগরের জাতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে গরিবাবাদি বলেন, ১২ আগস্ট ক্যাস্পিয়ান দিবস হিসেবে এই জলভাগের গুরুত্ব এবং এর উপকূলীয় দেশগুলোর যৌথ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।

তিনি বলেন, ২৩ বছর আগে এই দিনে ক্যাস্পিয়ান সাগরের পাঁচ উপকূলীয় দেশ তেহরানে ‘ক্যাস্পিয়ান সাগরের পরিবেশ সুরক্ষার ফ্রেমওয়ার্ক কনভেনশন’, যা ‘তেহরান কনভেনশন’ নামে পরিচিত, স্বাক্ষর করেছিল। বর্তমানে ওই কনভেনশন বাস্তবায়নের ২০ বছর পূর্ণ হয়েছে।

গারিবাবাদি বলেন, ইরান ও ক্যাস্পিয়ান সাগরের উপকূলীয় দেশগুলোর কাছে এই সাগর সবসময়ই কেবল একটি জলভাগের চেয়ে বেশি কিছু। ইতিহাসজুড়ে এটি আশপাশের জনগোষ্ঠীর ভূগোল, পরিচয় ও পারস্পরিক সম্পর্কের অংশ হয়ে রয়েছে এবং আঞ্চলিক সম্পর্ক ও পারস্পরিক সংযোগ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ কারণে উপকূলীয় দেশগুলোর কৌশলগত হিসাব-নিকাশ এবং আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে ক্যাস্পিয়ান সাগরের বিশেষ গুরুত্ব রয়েছে।

ইরানের এই উপমন্ত্রী আরও বলেন, অন্য যেকোনো দেশের তুলনায় ক্যাস্পিয়ান সাগরের উপকূলীয় দেশগুলো এই সাগরের পরিবর্তনের প্রভাব বেশি অনুভব করে। তাই এর নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভবিষ্যতের ব্যাপারে মূল দায়িত্বও তাদেরই বহন করা স্বাভাবিক।

তিনি জোর দিয়ে বলেন, ক্যাস্পিয়ানের নিরাপত্তা সর্বাগ্রে একটি আঞ্চলিক ও অভ্যন্তরীণ দায়িত্ব। উপকূলীয় দেশগুলোর সম্মত প্রক্রিয়ার মাধ্যমে এর নিরাপত্তা নিশ্চিত ও বজায় রাখতে হবে।

গরিবাবাদি বলেন, আমাদের বিশ্বাস, পাঁচ দেশের পারস্পরিক সম্পর্কের অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি ক্যাস্পিয়ান সাগর আস্থা গড়ে তোলা ও সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিণত হওয়ার সক্ষমতা রাখে।#

পার্সটুডে/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।