ইরান সফর শেষ করলেন পাকিস্তানের সেনাপ্রধান; 'সফর ফলপ্রসূ হয়েছে'
-
আসিম মুনির
পার্সটুডে- পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফর শেষে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফিল্ড মার্শাল আসিম মুনিরের বৈঠক ও আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ মঙ্গলবার ভোরে এক বিবৃতিতে বলেছে- দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সোমবার ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান, সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি, পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইসকান্দার মোমেনির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন।
বিবৃতিতে বলা হয়, আসিম মুনিরের একদিনের তেহরান সফর ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় সৃষ্ট অচলাবস্থা নিরসনে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ। এ সফরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং অঞ্চলে চলমান অস্থিতিশীলতার অবসান ঘটানোর উপায় নিয়েও আলোচনা করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, তেহরানে অনুষ্ঠিত আলোচনা ছিল ব্যাপক ও ফলপ্রসূ। এতে উত্তেজনা আরও বেড়ে যাওয়া ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং সংঘাত দ্রুত অবসানের উপায়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
দুই পক্ষ আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং আলোচনার মাধ্যমে মতপার্থক্য ও বিরোধ নিষ্পত্তির বিভিন্ন উপায় নিয়েও মতবিনিময় করে।
বিবৃতির শেষে পাকিস্তান সেনাবাহিনী জানায়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তারা সংলাপ সহজতর করা, উত্তেজনা কমানো এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে ইসলামাবাদের গঠনমূলক ভূমিকা ও আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেছেন।#
পার্সটুডে/এসএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন