কলিবফ: যেকোনো আগ্রাসনের জবাব হবে দ্রুত ও অনুতাপজনক
-
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
পার্সটুডে- ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় সতর্ক করে বলেছেন, যেকোনো আগ্রাসন ও দুঃসাহসিক পদক্ষেপের জবাব হবে দ্রুত এবং এমন কঠোর, যা আগ্রাসনকারীদের অনুতপ্ত করবে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে মঙ্গলবার ইরানের পার্লামেন্টের প্রকাশ্য অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় কলিবফ বলেন, দীর্ঘ ও গৌরবময় ইতিহাসের অধিকারী একটি জাতিকে অবরোধ বা হুমকি দিয়ে কখনোই ভয় দেখানো উচিত নয়। যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকেরা যদি এই মৌলিক সত্যটি উপলব্ধি করতে ব্যর্থ হন, তাহলে তারা ইরানি জনগণের কাছ থেকে বারবার কঠোর জবাব পাওয়ার পরিস্থিতির মধ্যেই থাকবেন।
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্য এবং ইরানি জনগণের প্রতি তাঁর মন্তব্য প্রমাণ করেছে যে ওয়াশিংটন এখনো তাদের আচরণ পরিবর্তন করেনি। এ ধরনের বক্তব্যের জবাবে ইরানের অবস্থান আগের মতোই স্পষ্ট—“বেঁকে ঘুরুন, আমরাও ঘুরব!”
কলিবফ বলেন, হোয়াইট হাউসের নেতাদের বুঝতে হবে, হুমকি, বাগাড়ম্বর কিংবা আকাশ ও বাণিজ্যিক অবরোধ দিয়ে ঐতিহ্যবাহী ও ইতিহাসসমৃদ্ধ ইরানি জনগণকে পিছু হটানো যাবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন ও দুঃসাহসিকতার জবাব হবে কঠোর, সুনির্দিষ্ট, দ্রুত এবং আগ্রাসনকারীদের জন্য অনুতাপের কারণ হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সম্প্রতি হরমুজ প্রণালী এবং এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে কিছু বক্তব্য দিয়েছেন, যা তাঁর আগের দাবিগুলোরই পুনরাবৃত্তি। এসব বক্তব্যের বাস্তবতা সম্পর্কে সবাই অবগত।
কলিবফ বলেন, “আমরা আগেই বলেছি—এই অঞ্চলে আমরা যদি তেল বিক্রি করতে না পারি, তাহলে অন্য কেউ তেল বিক্রি করতে পারবে না। আর আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।”
পার্সটুডে/এমবিএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।