হেম্মাতি: ইরানের অর্থনীতি ধসে পড়ার দাবি নিছক কল্পনা
https://parstoday.ir/bn/news/iran-i163946-হেম্মাতি_ইরানের_অর্থনীতি_ধসে_পড়ার_দাবি_নিছক_কল্পনা
পার্সটুডে- ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হেম্মাতি বলেছেন, ইরানের অর্থনীতি ধসে পড়ছে—এমন দাবি নিছক কল্পনা ছাড়া আর কিছুই নয়।
(last modified 2026-10-14T13:05:09+00:00 )
অক্টোবর ১৪, ২০২৬ ১৮:৪৬ Asia/Dhaka
  • হেম্মাতি: ইরানের অর্থনীতি ধসে পড়ার দাবি নিছক কল্পনা

পার্সটুডে- ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হেম্মাতি বলেছেন, ইরানের অর্থনীতি ধসে পড়ছে—এমন দাবি নিছক কল্পনা ছাড়া আর কিছুই নয়।

তাসনিম সংবাদ সংস্থার বরাতে পার্সটুডে জানিয়েছে, বুধবার ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হেম্মাতি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও ইরানের অর্থনীতি উল্লেখযোগ্য সহনশীলতা দেখিয়েছে। ইরানের অর্থনীতি ভেঙে পড়ার দাবি বাস্তবতাবিবর্জিত।

হেম্মাতি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের কেন্দ্রীয় ব্যাংক দেশের অত্যাবশ্যকীয় পণ্য ও ওষুধ আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা সরবরাহ এবং মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, নীতিগত কাঠামো শক্তিশালী করা এবং সামষ্টিক অর্থনীতির ভারসাম্যহীনতা দূর করার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। তবে এসব প্রচেষ্টা মূল্যায়নের ক্ষেত্রে বহিরাগত ধাক্কা ও আর্থিক সীমাবদ্ধতাগুলোও বিবেচনায় নিতে হবে, কারণ এগুলো নীতিনির্ধারণের পরিসর ও কার্যকারিতা সীমিত করে।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও বলেন, আঞ্চলিক পরিস্থিতির ধারাবাহিকতা জ্বালানি বাজার, পরিবহন, বাণিজ্য ও বিনিয়োগকে প্রভাবিত করছে। স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও বৈধ নিরাপত্তা-উদ্বেগের প্রতি সম্মান দেখানোর পাশাপাশি পারস্পরিক দায়বদ্ধতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সহযোগিতা বাড়াতে হবে। এসব পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আরও স্পষ্ট ও সক্রিয় ভূমিকা প্রয়োজন, যাতে আন্তর্জাতিক মুদ্রা সহযোগিতা জোরদার করা এবং আন্তর্জাতিক মুদ্রাব্যবস্থার কার্যকর পরিচালনা তদারকির দায়িত্ব যথাযথভাবে পালন করা যায়।

হেম্মাতি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় তদারকি কার্যক্রমে যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অর্থ পরিশোধের সীমাবদ্ধতার অর্থনৈতিক প্রভাবগুলোও অভ্যন্তরীণ নীতির মতো সমান গুরুত্ব ও নির্ভুলতার সঙ্গে মূল্যায়ন করা উচিত। এ দায়িত্ব পালনের জন্য সব সদস্যদেশের ক্ষেত্রে একই মানদণ্ডে বিশ্লেষণ এবং এসব নেতিবাচক প্রভাব কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সদস্যদেশগুলোর মধ্যে সক্রিয় সংলাপ জরুরি।#
 

পার্সটুডে/এমবিএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।